দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান। বয়সটা বর্তমানে ৭০ বছর হলেও এখনও তাকে নায়করূপে পর্দায় দেখতে দর্শকরা আগ্রহ ভরে অপেক্ষা করেন। মাঝে অ্যাকশন থ্রিলার ‘বিক্রম’ ছবির মধ্য দিয়ে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছিলেন কমল হাসান। আবারও নতুন একটি অ্যাকশন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। মনি রত্নম পরিচালিত এই ছবির নাম ‘ঠগ লাইফ’।
ইতোমধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। তবে এই ট্রেলারের একটি দৃশ্য নিয়ে বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেতা। ট্রেলারের একটি অংশে নিজের চেয়ে ২৯ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্য নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই দক্ষিণী তারকা।
‘ঠগ লাইফ’ চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। ছবিটি আগামী ৫ জুন প্রেক্ষাগ্রহে মুক্তি দেয়া হবে। সিনেমার ট্রেলার মুক্তির পর এটা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও চুম্বন দৃশ্য নিয়েই সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।
সেই দৃশ্যে দেখা যায়, কমল হাসানের বুকে মাথা রেখে আছেন ৪১ বছরের অভিনেত্রী অভিরামী। পরবর্তীতে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ চুম্বন বিনিময় হয়। আরেকটি দৃশ্যে কমল হাসান আরেক অভিনেত্রী তৃষাকে বলেন, ‘ম্যাডাম, আই অ্যাম ইয়োর ওনলি অ্যাডাম।’ এই দৃশ্যগুলোর মধ্যে প্রথমটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রথম দৃশ্যে থাকা এই অভিনেত্রী ছবিতে কমল হাসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
নেটিজেনরা বলছেন, প্রায় ৩০ বছরের পার্থক্য আছে এমন দুজন নারী-পুরুষের এমন ঘনিষ্ঠ দৃশ্য খুব দৃষ্টিকটু। বেশি রোমান্টিক করতে গিয়ে পরিচালক ভুল করেছেন। তবে চরিত্র এবং কাহিনীর প্রয়োজনে এমনটি করতে হতে পারে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
উল্লেখ্য, সিনেমায় কমল হাসানকে একজন প্রবীণ ঠগ চরিত্রে দেখা যাবে। এক সহিংস গ্যাংস্টার দুনিয়ার গল্প আমরা ছবিটিতে দেখতে পাবো।
/শাকিল