নাটকপ্রেমী দর্শকের কাছে জুটি হিসেবে বেশ প্রিয় অপূর্ব-তটিনী জুটি। এই জুটি নিয়ে নাট্যনির্মাতা রুবেল হাসান প্রথম নির্মাণ করেছিলেন নাটক ‘বহিরাগত’। এই নাটকে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রুনা খান। এ নাটকে অভিনয় করে অভিনয়জীবনের শুরুতেই বেশ আলোচনায় এসেছিলেন তটিনী। আর এর পরের পথচলা তো সবারই জানা।
একই পরিচালকের ‘মি. অ্যাবসেন্ট মাইন্ডেড’ নাটকেও অপূর্ব-তটিনী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। ইউটিউবে প্রকাশিত এই নাটকটি আর কয়েক দিনের মধ্যে কোটির ঘর স্পর্শ করবে। সেই একই সময়ে রুবেল হাসান অপূর্ব-তটিনীকে নিয়ে নির্মাণ করেছিলেন আরও একটি নাটক। নাম ‘ফিরে আসা’। এই নাটকের গল্পভাবনা অপূর্ব’র। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির মিউজিক করেছেন প্রত্যয় খান। পরিচালক রুবেল হাসান জানান, আজ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
অপূর্ব বলেন, “একই সময়ে পরপর দুটি নাটকে অভিনয় করেছিলাম। দুটি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে। দুটি কাজই ভালো করার চেষ্টা করেছিল তারা। আর আমার শতভাগ চেষ্টা তো থাকেই সব সময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বোঝাই যাচ্ছে। একটি কাজ তো এরই মধ্যে অনেক সাড়া ফেলেছে। আশা করছি ‘ফিরে আসাও’ দর্শকের মধ্যে সাড়া ফেলবে।”
তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে সেই সময় অনেক দিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। অপূর্ব ভাইয়া এমন একজন অভিনেতা, যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালো লাগার। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়। পর পর দুটি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরও অনেক কিছু শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়।’
/এমএস