জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই উইমেন্স ডে’তে চলচ্চিত্র প্রদর্শনী, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান এবং ড্রোন শো প্রদর্শিত হবে।
ওই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ শিরোনামের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান।
সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাই এর গল্প বলবো’ প্রভৃতি জনপ্রিয় গান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নির্মিত জুলাইয়ের শহিদ নারীদের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হবে। তারপর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নির্মিত ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘দিপক কুমার গোস্বামী স্পিকিং’, ‘জুলাই ওমেন ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
রাত ৭টা ৩০ মিনিট থেকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া পাঁচজন ও তিনজন শহিদ পরিবারের সদস্য বক্তব্য দেবেন। রাত ৮টায় ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানগুলো পরিবেশন করবে ব্যান্ডদল ইলা লা লা। এরপর স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেওয়ার পর ব্যান্ডদল এফ মাইনর পরিবেশন করবে ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ গান। গানের পর আবারও স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেওয়ার পর পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গান পরিবেশন করবেন।
এরপর স্লোগান গার্লদের স্লোগানের পর ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গানগুলো পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রাত ১০টায় শুরু হবে বিশেষ মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে।
যেখানে দেখা যাবে, ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা একসঙ্গে স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহিদ মিনারের ওপরে সেই জীবন্ত মুহূর্তটাকেই তুলে ধরা হবে ‘ড্রোন শো’র মাধ্যমে। এই শোর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাইয়ে এসে পৌঁছাল। দ্বিতীয় ধাপে দেখানো হবে, কেমন করে ১৪ তারিখে গণ-অভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।
শিল্পকলা একাডেমি জানায়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে সব স্কুল, কলেজ, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সব নারীকে অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশা করা হয়েছে।
/এমএস