গত কোরবানি ঈদে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করেত এসে সংবাদের আলোচনায় উঠে আসেন বৃদ্ধ রইস উদ্দিন। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ হাটে তার গরু বিক্রিও করেন। কিন্তু এক ক্রেতা তার সঙ্গে প্রতারণা করে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট দিয়ে গরু নিয়ে যায়। এভাবে প্রতারণার শিকার হয়ে রইস উদ্দিনের কান্নায় ভেঙে পড়ার ভিডিও তখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
সেই ঘটনা তখন নজরে আসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এর পরই নিজ খরচে তিনি রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব পাঠান। সেই রইস উদ্দিন ওমরাহ করে ফিরে এসেছেন। আর তার আমন্ত্রণেই অপু বিশ্বাস আজ মঙ্গলবার (১৯ আগস্ট) তার গ্রামের বাড়িতে গেলেন।
আজ অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ করা হয় যেখানে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন। রইস উদ্দিনকেও দেখা যায় অপু বিশ্বাসকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যেতে। আশেপাশের মানুষজনও অপু বিশ্বাসকে দেখতে ভিড় জমায়।
লাইভের ক্যাপশনে অপু লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ অপুর সেই লাইভে তার ভক্ত অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, কোরবানির হাটে প্রতারিত হওয়ার পর তখন প্রথম রইস উদ্দিনের পাশে দাঁড়িয়েছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।
পরে ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশে রওয়ানা হন রইস উদ্দিন।
/এমএস