প্রতি বছর ১৭ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ৪০ শতাংশ ভূমি কোনো না কোনোভাবে অবক্ষয়ের শিকার এবং ৩২০ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা এর প্রভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহারের কারণে খরা ও মরুকরণ আজ বৈশ্বিক উদ্বেগের অন্যতম বিষয়। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র জনপদ এ সংকটের একটি বাস্তব উদাহরণ।
রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল ঐতিহ্যগতভাবে খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, এ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। সেচনির্ভর কৃষির বিস্তার, গভীর নলকূপের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাধার হারিয়ে যাওয়ার ফলে অনেক এলাকায় পানির স্তর আগের তুলনায় কয়েক মিটার নিচে নেমে গেছে। ফলে কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং খরার ঝুঁকি আরও তীব্র হচ্ছে।
গত দুই দশকে দ্রুত নগরায়ণের ফলে শহর ও শহরতলিতে পরিকল্পনাহীন বহুতল ভবন নির্মাণ, পুকুর ও জলাশয় ভরাট এবং কৃষিজমিতে ব্যাপক হারে পুকুর খননের প্রবণতা বেড়েছে। এক সময় যে জলাশয়গুলো বর্ষার পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, সেগুলোর অনেকই আজ বিলুপ্তির পথে। প্রাকৃতিক জলাধার কমে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত অপচয় হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাধাগ্রস্ত হচ্ছে।
সবুজ ফসলের মাঠ, ফলের বাগান ও বৃক্ষাচ্ছাদিত এলাকা কমে যাওয়ার ফলে উত্তরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী অঞ্চলে একাধিকবার ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। কংক্রিটের বহুতল ভবন, পিচঢালা সড়ক এবং ধাতব অবকাঠামো সূর্যের তাপ দীর্ঘ সময় ধরে ধরে রাখায় ‘আরবান হিট আইল্যান্ড’ বা নগর তাপদ্বীপ প্রভাব সৃষ্টি হচ্ছে। এতে শহরের তাপমাত্রা পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে।
কৃষিক্ষেত্রেও উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)-এর তথ্য অনুযায়ী, দেশের বহু কৃষিজমিতে জৈব পদার্থের পরিমাণ আদর্শ মাত্রা ৩-৫ শতাংশের পরিবর্তে ১-২ শতাংশে নেমে এসেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উপকারী ব্যাকটেরিয়া, কেঁচো ও অণুজীব ধ্বংস হচ্ছে। এর ফলে মাটির স্বাভাবিক উর্বরতা, পানি ধারণক্ষমতা এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। একই সঙ্গে কৃষিজমি থেকে ধুয়ে আসা রাসায়নিক পদার্থ পুকুর, খাল ও জলাশয়ে গিয়ে মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় এবং অণুজীবের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে কয়েক হাজার ইটভাটা ও অসংখ্য শিল্পকারখানা প্রতি বছর বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, কালো ধোঁয়া ও ক্ষতিকর বায়ুদূষক নির্গত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (IPCC)-এর গবেষণা বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ায় খরা, তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টিপাতের ঘটনা আরও বাড়বে। বরেন্দ্র অঞ্চলের বর্তমান বাস্তবতা সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে।
আধুনিক নগরজীবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর এবং উচ্চ বিদ্যুৎনির্ভর জীবনযাত্রা মানুষের আরাম বাড়ালেও শক্তি ব্যবহারের মাত্রা বৃদ্ধি করছে। অপরদিকে উন্মুক্ত সবুজ পরিবেশ, গাছপালা এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহ কমে যাওয়ায় নগরজীবন প্রকৃতির সঙ্গে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
খরা ও মরুকরণ প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। জলাশয় সংরক্ষণ, কৃষিজমি রক্ষা, ভূগর্ভস্থ পানির সাশ্রয়ী ব্যবহার, জৈব সার প্রয়োগ বৃদ্ধি, বৃক্ষরোপণ, ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবসে আমাদের প্রত্যয় হোক–উন্নয়ন ও পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে বিবেচনা করা। কারণ মাটি, পানি ও প্রকৃতিকে রক্ষা করা মানেই দেশের খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করা।
লেখক: কৃষিবিদ, সিইও, ইয়েস ফাউন্ডেশন বাংলাদেশ
[email protected]