কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দিনেশ মাঙ্গালোর। ‘কেজিএফ চ্যাপ্টার ১’ সিনেমায় অভিনয় করে যিনি গোটা দেশজুড়ে খ্যাতি অর্জন করেন। গতকাল সোমবার (২৫ আগস্ট) ভোররাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৫৫ বছর।
এর আগে আরেক আলোচিত ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর শুটিং চলাকালীন স্ট্রোক করেছিলেন দিনেশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন মাঙ্গালোর। শুটিংসেটেই স্ট্রোকে আক্রান্ত হন। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। সপ্তাহখানেক পর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আবারও ভর্তি হন হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।
ভারতের গণমাধ্যমের বরাতে আরও জানা যায়, মাঙ্গালোর মরদেহ গতকাল (২৫ আগস্ট) সন্ধ্যায়ই তার উডুপির বাড়িতে নিয়ে আসা হয়। আর আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরপর তার শেষকৃত্য সুমনাহল্লি শ্মশানে অনুষ্ঠিত হবে।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি। মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে।
ব্যক্তিজীবনে মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে সিনেমা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
/এমএস