নানামুখী চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। তবে ওটিটি দুনিয়ায় তিনি বেশি পরিচিত ‘অ্যালেন স্বপন’ নামে। এবার প্রথম তাকে দেখা গেল ভিন্ন এক রূপে— ভিক্ষুক চরিত্রে। আর এতেই নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে গুণী এ অভিনেতাকে। ভিক্ষা করে টাকা কামিয়েছেন তিনি।
শুটিংয়ের সময় তার মেকআপ এতটাই নিখুঁত হয়েছিল যে পথচারীরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবেই অনেকে সাহায্য করেছেন।
ঘটনাটা ঘটেছিল ফার্মগেট এলাকায়, যেখানে ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর একটি দৃশ্য ধারণ করা হয় গোপন ক্যামেরায়।
নাসির উদ্দিন খান এক সাক্ষাৎকারে জানান, বাজেট সীমিত থাকায় বড় আয়োজন সম্ভব হয়নি। তাই পরিকল্পনা করা হয় ক্যামেরা দূরে লুকিয়ে রাখা হবে— ফার্মগেট ফুটওভারের ওপর। অভিনেতাকে বলা হয়েছিল নিজের মতো করে চরিত্রটা ফুটিয়ে তুলতে এবং মানুষের কাছে ভিক্ষা চাইতে।
তিনি বলেন, “প্রথম দিন শুটিং করতে গিয়েই দেখি অনেকে সত্যিই টাকা দিচ্ছে। আমি ঘুরে এসে প্রোডাকশনের ছেলেকে টাকা গুনতে বললাম। অবাক হয়ে দেখি প্রায় পাঁচশ টাকা জমেছে! তখন মনে হলো, বাহ্, ভিক্ষা করেও তো কম সময়ে ভালো টাকা পাওয়া যায়।”
তবে অভিজ্ঞতার মধ্যেই তিনি উপলব্ধি করেন, ভিক্ষা করা মোটেও সহজ বা সম্মানজনক নয়। তার ভাষায়,
“চাইলে মানুষ এটা করতে পারে, কিন্তু এতে আত্মসম্মান হারানোর বিষয়টা আছে। অন্যের কাছে হাত পাতা কখনোই সহজ নয়।”
ওয়েব সিরিজটির পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিংয়ে ভিক্ষা করে পাওয়া আসল টাকাগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সেই ‘নয়া নোট’ ঘিরেই এগিয়েছে গল্পের মূল প্লট।
‘নয়া নোট’-এ আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ। সিরিজটি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে।
মেহেদী/