বাবা বলিউড বাদশাহ শাহরুখ খান। বাবার পথ অনুসরণ করে এবার ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে অভিনেতা হিসেবে নয়, নির্মাতা হিসেবে। আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আরিয়ান খান। এর গল্পও তারই লেখা। ইতোমধ্যে এই সিরিজের টিজার দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। সেখানে আরিয়ানকে দেখে অনেকেরই মনে হয়েছে তার হাঁটা-চলা তার বাবার মতো, কণ্ঠস্বরেও মিল আছে বাবার সঙ্গে। কিন্তু অমিল শুধু মুখের হাসিতে। ক্যামেরার সামনে সব সময় গম্ভীর তিনি। কেন এমন আরিয়ান, এ নিয়ে অনেকেরই কৌতূহল আছে। এবার এই বিষয়টি খোলাসা করলেন অভিনেতা রাঘব জুয়াল। ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তাকেও দেখা যাবে।
আলোকচিত্রী দেখলেই মুখ ঘুরিয়ে নেন আরিয়ান। কখনও একদম মুখোমুখি হলে পোজ দেন ঠিকই। কিন্তু মুখে হাসি থাকে না। সারাক্ষণই আরিয়ানের মুখ ভার। তবে হাতে গোনা কয়েকবারই হাসতে দেখা গিয়েছিল তাকে। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে এসে বোন সুহানাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায় আরিয়ানকে।
তারপর নিজের ওয়েব সিরিজের প্রচার ভিডিওতে হাসতে দেখা গিয়েছে আরিয়ানকে। কিন্তু বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, আরিয়ান মানুষটা তেমন নয় বলে জানালেন আসন্ন এই সিরিজের অভিনেতা রাঘব। তিনি জানান, আরিয়ানের এক ধরনের ভয় আছে, তাই এমন করেন। যদিও রাঘব আরিয়ানকে ক্যামেরার সামনে হাসাবেন বলে কথাও দিয়েছেন।
রাঘবের ভাষায়, ‘আরিয়ান হাসতে ভয় পায়। এছাড়া ও ক্যামেরার সামনে হাবভাব দেখাতে ভালবাসে। তবে ওর মধ্যে শিশুসুলভ একটা ব্যাপার আছে। তবু ক্যামেরার সামনে হাসবে না। যেটা আমার বেশ ভাল লাগে।’ এছাড়া মেয়েদেরও নাকি আরিয়ানের এই বিষয়টি বেশ ভালো লাগে বলে উল্লেখ করেন রাঘব।
/এমএস