ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি তুমুল হয়েছে বিতর্ক ও সমালোচনা। ‘এ্যাপোনিয়া’ (Aponia) নামে একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। এ কারণেই তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
যেখানে তিনি দাবি করেছেন শাড়িটি নাকি উপহার দিয়েছেন ওই নারী উদ্যোক্তা। যদিও ওই নারী উদ্যোক্তা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণস্বরূপ খবরের কাগজের কাছে দিয়েছেন ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজের পাশাপাশি তিশার কয়েকটি ভয়েস রেকর্ড। এবার প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরী অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশাকে (তানজিন নাহার তিশা) আইনি নোটিশ দিয়েছেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এ্যাপোনিয়া কর্তৃপক্ষ।

আইনি নোটিশে বলা হয়, ‘‘তানজিন নাহার তিশা আমার উপরোক্ত মোয়াক্কেল মো. আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ, ‘Aponia’-এর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাহার পরামর্শক্রমে আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা যাইতেছে যে, আপনি অত্র নোটিশ গ্রহীতা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা বটে। আপনি দীর্ঘদিন যাবৎ মিডিয়া জগতের সাথে জড়িত। উক্ত মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মোয়াক্কেলের অনলাইন পেজে যুক্ত হইয়া বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করিয়া একটি শাড়ি পছন্দ করিয়া নেন। যাহার বাজার মূল্য ২৮,৮০০/- টাকা।
আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে উক্ত শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করিলে, আমার মোয়াক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে উক্ত শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেয়ার ইচ্ছা প্রকাশ করিলে আপনি অত্র নোটিশ গ্রহীতা সেটি গ্রহণ করিয়া নেন এবং আপনার বসবাসকৃত আবাসস্থলের ঠিকানা প্রদান করেন এবং শাড়িটি জরুরি ভিত্তিতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন। আমার মোয়াক্কেল উক্ত নোটিশ দাতা আপনার কথার উপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তৎপর হইতে নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দ্বারা শাড়িটি পরিধান করে ‘Aponia’ পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

নোটিশে আরও বলা হয়েছে, আপনি অত্র নেটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরিধান করিয়া পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহীতা ১৮ জানুয়ারি, ২০২৫ ইং তারিখে শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করিয়া পেজ প্রমোশন না করিয়া পেজ কর্তৃপক্ষের সহিত বিগত ৬ মাসের অধিক সময় কোন যোগাযোগ রক্ষা করেন নাই এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে বিরত রহিয়াছেন। পরবর্তীতে আপনি অত্র নোটিশ গ্রহীতা আপনার অর্ডারকৃত আপনার কাছে আমার মোয়াক্কেল কর্তৃক প্রেরিত শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হইতে অদ্যাবধি বিরত রহিয়াছেন।
এমনকি আমার মোয়াক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করিলে আপনার পক্ষ হইতে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হইলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লিখেন যে, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক,’ যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলচাতুরী মাত্র।

আপনি বাংলাদেশের একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া স্বত্বেও ২৮,৮০০/- টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করেও, আপনি অদ্যাবধি পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হইতে বিরত থাকিয়া আমার মোয়াক্কেলের সহিত বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারণার আশ্রয় গ্রহণ করিয়াছেন। যাহা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ। পরিশেষে বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মোয়াক্কেল কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো প্রকার পেজ প্রমোশন না করিয়া আমার মোয়াক্কেলের সহিত যোগাযোগ বিচ্ছিন্ন করিয়াছেন। অতএব, নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আমার মোয়াক্কেলের নিকট হইতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১,০০,০০০/- (এক লাখ) টাকা আমার মোয়াক্কেল বরাবরে পরিশোধ করিবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মোয়াক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারা সমূহে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবেন। যাহার দায়-দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে।’’
এ সম্পর্কে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার খবরের কাগজকে বলেন, ‘তানজিন তিশার মতো সেলিব্রিটি একজন নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। উনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করলেন। একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার পেট্রোনাইজ করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। আশা করি, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যেই এর ক্ষতিপূরণ দেবেন তিনি, তা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামে একটি সিনেমায়। এটির মাধ্যমেই চলচ্চিত্রে তিশার অভিষেক হতে যাচ্ছে। এর মাঝেই বিতর্কে জড়ালেন তিনি।
/টি আর