গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো (কার্যত) প্রধানমন্ত্রী ইশাম দা-লিস এবং হামাসের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, তাদের হামলায় নিহত হন ইশাম দা-লিস। গাজায় তার পদবী ‘সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ’ কমিটির প্রধান। যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ।
এই হামলায় ইশাম দা-লিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখতেন।
আইডিএফ জানায়, হামাস সরকারের উচ্চপদস্থ এ চার নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়। আইডিএফ আরও জানায়, এসময় হামাসের মধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের উপর বড় আঘাত হানা। যেন তারা গাজায় নিয়ন্ত্রণ হারায় এবং ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকিতে পরিণত না হয়।
এরআগে গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে ২০২৪ সালের জুলাই মাসে হত্যা করে ইসরায়েল। তার স্থলাভিষিক্ত হন ইশাম দা-লিস।
ইসরায়েল হুমকি দিয়েছে, হামাস তাদের জিম্মিদের মুক্তি না দিলে গাজায় এ ধরনের হামলা অব্যাহত রাখা হবে। মঙ্গলবার ( ১৮ মার্চ) রাতে ঘুমন্ত গাজাবাসীর উপর বর্বরোচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে চারশতরও বেশি মানুষ নিহত হন। যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছেন। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
দিনা/