দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। তারা চান না ইওলকে সরিয়ে দেওয়া হোক। এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে বলেও মনে করেন অনেকে।
ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ায় গত বছরের ৩ ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারির চেষ্টার পর বিতর্কিত হয়ে যান। তাকে গত শুক্রবার সর্বসম্মতিক্রমে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত জানায় দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত।
আদালতের এ সিদ্ধান্তের কারণে আগামী জুনে নির্বাচন হতে পারে দক্ষিণ কোরিয়ায়। বেশ কয়েক মাস ধরেই দেশটির রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত। তবে ইউন সুক-ইওলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় আবারও নতুন করে উত্তেজনা শুরু হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক নিয়মানুসারে, ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হান ডাক-সু।
প্রতিবাদে অংশ নেওয়া ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইয়্যাঙ জো-ইয়ং বলেন, ‘সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত আমাদের দেশের মুক্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।’ তিনি গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানান। সূত্র: আল-জাজিরা