চীনের গুইঝো প্রদেশে আকস্মিক ঝড়ে চার নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জন। গত রবিবার কিয়ানশি শহরের কাছে অবস্থিত উ নদীতে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ পানিতে পড়ে যায়।
উদ্ধার অভিযান রাতভর চলে। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর জানা যায়। সে সময় এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে গতকাল সোমবার দুপুরে তার লাশ উদ্ধার হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, একটি নৌযান উল্টো হয়ে রয়েছে। আরেক জন এক ব্যক্তিকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করছে।
প্রথমে জানানো হয়েছিল, দুটি নৌকা ডুবে গেছে। পরে সিসিটিভি চারটি নৌকা ডুবে যাওয়ার খবর নিশ্চিত করে। দুটি নৌকায় কোনো যাত্রী ছিল না, তবে সাত ক্রু ছিল। তারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঝড় কমে যাওয়ার পর বেশ কয়েকজন যাত্রী নিরাপদে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। সূত্র: আল-জাজিরা