ইরানের তিনটি পরমাণু স্থাপনায় রবিবার (২২ জুন) বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান যুক্ত ছিল বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওই হামলায় ফোর্দো ও নাতাঞ্জে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। বলা হয়ে থাকে, বাংকার বাস্টার বোমা ছাড়া ইরানের ফোর্দো পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। আর এ বোমা বহন করতে সক্ষম শুধু বি-২ স্টিলথ বোমারু বিমান। এই বিশেষ বিমানটি নিয়ে তাই মানুষের মনে রয়েছে যথেষ্ট কৌতূহল।
বি-২ স্টিলথ বোমারু বিমানের বৈশিষ্ট্য
বি-২ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান বলে মনে করা হয়। এই বিমানের প্রতিটির মূল্য আনুমানিক ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। নর্থ্রপ গ্রুম্যান করপোরেশন নির্মিত বি-২ একমাত্র বিমান যা বৃহৎ আকারের বোমা বহনে সক্ষম। মনে করা হয় এই আকারের বোমা দিয়েই ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং পাহাড়ের গভীরে নির্মিত ফোর্দো পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করা সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল ভোরে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর ‘অত্যন্ত সফল আক্রমণ’ করার জন্য মিসৌরি থেকে মার্কিন বি-২ স্পিরিট বোমারু বিমান প্রায় ৩৭ ঘণ্টা ধরে অবিরাম উড়েছিল। এর মধ্যে একাধিকবার মধ্য আকাশে জ্বালানি সংগ্রহ করে।
মার্কিন বিমানবাহিনীর তথ্যমতে, বি-২-এর পরিসর প্রায় ৬ হাজার নটিক্যাল মাইল (৯ হাজার ৬০০ কিলোমিটার)। আকাশে জ্বালানি সরবরাহের মাধ্যমে বিমানটি পৃথিবীর যেকোনো লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। এই বিমানটি বিভিন্ন ধরনের প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এতে দুজন ক্রু থাকেন। বাম দিকে পাইলট ও ডান দিকে মিশন কমান্ডার।
রয়টার্সের তথ্যমতে, পেন্টাগনের পরিকল্পিত ক্রয় কর্মসূচি হ্রাসের কারণে মাত্র ২১টি বি-২ তৈরি করা হয়েছিল। এগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক কৌশলগত অস্ত্র প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে বিবেচিত হয়, যা উন্নত প্রতিরক্ষাব্যবস্থার মধ্যে প্রবেশ করে নির্ভুল আঘাত হানতে সক্ষম; যেমন ফোর্দোর মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা এর রয়েছে। বিমানটির কোনাকুনি নকশা এবং এতে ব্যবহৃত স্টিলথ প্রযুক্তি শত্রুপক্ষের রাডার সিস্টেমকে ফাঁকি দিতে পারে। রাডারে এটি একটি ছোট পাখির মতো ধরা পড়ে, অর্থাৎ প্রায় অদৃশ্য। বিমানগুলো মিসৌরির একটি মার্কিন বিমান ঘাঁটি থেকে পরিচালিত হয়।