লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির উত্তর বেকা উপত্যকার পূর্বাঞ্চলে অবস্থিত এক সিরীয় বাস্তুচ্যুতদের শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
ওয়াদি ফারায় এলাকায় সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা অস্ত্র গুদামগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং যতদিন হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালাবে, ততদিন এই হামলা চলবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি লেবানন সরকারকে আরও চাপ দিচ্ছেন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার জন্য।
তবে এখনো লেবানন সরকার সে পথে হাঁটেনি। তারা সংঘাতের বদলে হিজবুল্লাহর সঙ্গে সংলাপের পথেই থাকছে।
তবে সন্দেহ নেই, লেবানন এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অনেকেই আশঙ্কা করছেন, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা লেবানন সরকারকে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও বেশি চাপে ফেলবে। সূত্র: আল জাজিরা