ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। সেই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।
ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ গত রবিবার এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, ইসরায়েল কাৎজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেছেন, ‘আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও আরও শক্তি নিয়ে তেহরানে পৌঁছাবে- আর এবার তা হবে ব্যক্তিগতভাবে আপনার জন্য।’
ইসরায়েলের এই হুমকির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া একটি অস্ত্রবিরতির মাধ্যমে এ যুদ্ধের অবসান হয়। সূত্র: আনাদোলু এজেন্সি