ইন্দোনেশিয়া কারাগার থেকে শত শত বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে রাজনৈতিক অভিযোগে বন্দি ব্যক্তিরাও। পুরোটাই করা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট পাওবো সুব্রিয়ান্তোর দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পরিকল্পনায়। তার পরিকল্পনার প্রথম ধাপ এটি।
গত শুক্রবার ১ হাজার ১৭৮ জনকে মুক্তি দেওয়া হয়। এর আগের দিন বৃহস্পতিবার শেষ ভাগে বন্দিদের মুক্তির পরিকল্পনার ঘোষণা দেন ইন্দোনেশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার সুফমি ডাস্কো আহমেদ ও আইনমন্ত্রী সুপ্রাতমান আন্দি আগতাস।
সুবিয়ান্তো গত অক্টোবরে ক্ষমতা নেওয়ার পরপরই নিজের পরিকল্পনা তুলে ধরেন। ইন্দোনেশিয়ার সাবেক স্বৈরশাসক সুহার্তোর জামাতার এমন সিদ্ধান্ত অবাক করেছিল ইন্দোনেশিয়ার অনেককেই। পুরো দেশে ৪৪ হাজারের মতো বন্দি মুক্তি দেবেন সুবিয়ান্তো। তাদের বেশির ভাগই গ্রেপ্তার হয়েছিলেন রাজনৈতিক কারণে।
বন্দি মুক্তির ক্ষেত্রে রাজনৈতিক অভিযোগে আটক, স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে যাদের এবং বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার মুক্তি পাওয়ার দলে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর রাজনৈতিক প্রতিপক্ষরাও রয়েছেন।