ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির ঠিক মুখে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টিকে থাকা সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (New START) থেকে নিজেদের অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (২৭ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া তার বার্ষিক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান, যা বিশ্বব্যাপী নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা সৃষ্টি করেছে।
পুতিনের এই ঘোষণা এমন এক সময় এলো, যখন এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অটুট সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন।
২০১১ সালে কার্যকর হওয়া ‘নিউ স্টার্ট’ চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখা। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই চুক্তির মেয়াদ ছিল।
২০২০ সালে কোভিড–১৯ মহামারির কারণে চুক্তির অধীনে পারস্পরিক পরিদর্শন স্থগিত করা হলেও, গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র পরিদর্শনের কাজ পুনরায় শুরু করতে চাইলে রাশিয়া তা প্রত্যাখ্যান করে। এর ফলে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে।
ভাষণে পুতিন বলেন, “আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে রাশিয়া কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করছে।”
ভাষণের সিংহভাগ জুড়েই প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ইউক্রেন আক্রমণের ন্যায্যতা দিতে গিয়ে তিনি পুরোনো দাবিগুলোর পুনরাবৃত্তি করেন।
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়াকে আত্মরক্ষার খাতিরেই যুদ্ধ শুরু করতে হয়েছে।
পুতিনের দাবি, ইউক্রেন এখন “কিয়েভ শাসনব্যবস্থা ও তাদের পশ্চিমা প্রভুদের হাতে জিম্মি হয়েছে, যারা কার্যত রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দেশটি দখল করে নিয়েছে।”
তিনি আরও সতর্ক করেন, পশ্চিমারা “একটি স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘাতে পরিণত করতে চায়,” এবং এমন পরিস্থিতিতে রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন জড়িত, তাই তারা উপযুক্ত জবাব দেবে।
পুতিন বলেন, “তারাই যুদ্ধ শুরু করেছে, আর আমরা এটি শেষ করতে শক্তি প্রয়োগ করছি।” পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছে, বলেও তিনি দাবি করেন।
পুতিনের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সিদ্ধান্তকে “গভীরভাবে দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছেন।
ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ পুতিনকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, “আজকের নিউ স্টার্ট–সংক্রান্ত সিদ্ধান্তের ফলে সমগ্র অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে পড়েছে।”
এদিকে পুতিনের ঘোষণার পর পোল্যান্ডে অবস্থানরত প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার ওয়ারশ থেকে যুদ্ধ নিয়ে নিজের বক্তব্য দেবেন।
কিয়েভে দেওয়া ভাষণে তিনি আগেই বলেছিলেন, “পুতিনের দখলযুদ্ধ ব্যর্থ হচ্ছে। রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলা, কিন্তু তিনি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছেন।”
মেহেদী/