ভারতের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পরিবারের উপস্থিতিতে স্থানীয় এক মন্দিরে বিয়ে করেছেন রিয়া সরদার ও রাখি নস্কর নামে দুই তরুণী। সাত পাকে বাঁধা পড়ে সিঁদুর পরিয়ে তারা একে অপরের জীবনসঙ্গী হওয়ার অঙ্গীকার করেছেন।
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর দুজনেই পেশায় নৃত্যশিল্পী। কয়েক বছর আগে ফোনে পরিচয়, সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, আর ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা। দুজনেই সিদ্ধান্ত নেন, জীবনের বাকি পথ তারা একসঙ্গেই হাঁটবেন।
ছোটবেলায় মা–বাবাকে হারিয়ে খালা-খালুর কাছে বড় হয়েছেন রিয়া। প্রথমে দুই পরিবারের পক্ষ থেকেই সম্পর্কটি মেনে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু পরে রিয়ার পরিবার মত বদলে আপত্তি তোলে। শেষ পর্যন্ত রিয়া নিজের বাড়ি ছেড়ে রাখির বাড়িতে চলে যান।
রাখির পরিবার শুরু থেকেই তাদের পাশে ছিল। প্রতিবেশীদের সঙ্গে পরামর্শ করেই পরিবারের পক্ষ থেকে মন্দিরে বিয়ের আয়োজন করা হয়।
স্থানীয় মন্দিরে পূর্ণ হিন্দু রীতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। একে অপরের গলায় মালা পরিয়ে ও সিঁদুর পরিয়ে নতুন জীবনে পা রাখেন রিয়া ও রাখি। উপস্থিত আত্মীয়–স্বজন ও প্রতিবেশীরাও নবদম্পতিকে আশীর্বাদ করেন।
বিয়ের পর দুই তরুণী বলেন, “ভালোবাসাটাই আসল। এখানে ছেলে–মেয়ে বলে কিছু নেই। আমরা আজীবন একসঙ্গে থাকব।”
সুন্দরবনের এই ছোট্ট গ্রামে তাদের সাহসী সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন, সমাজের গণ্ডি পেরিয়ে ভালোবাসার নতুন সংজ্ঞা লিখে দিলেন এই দুই তরুণী।
মেহেদী/