লিবিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসন আশ্রয়প্রার্থী বহনকারী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। আল-জাজিরার খবর।
শনিবার (১৫ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার (৭৩ মাইল) পূর্বে অবস্থিত উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে।
রেড ক্রিসেন্ট জানায়, প্রথম নৌকাটিতে ২৬ জন যাত্রী ছিলেন, যাদের সবাই বাংলাদেশি। নৌকাটি ডুবে যাওয়ায় এই ২৬ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিল, যাদের মধ্যে দুজন মিসরীয় এবং কয়েক ডজন সুদানের নাগরিক। দ্বিতীয় নৌকাটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে, এই ৬৯ জনের মধ্যে আটটি শিশু।
উদ্ধার অভিযানে লিবিয়ার কোস্টগার্ড এবং আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা অংশ নেয়। লিবিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং মৃতদেহগুলো কালো প্লাস্টিকের ব্যাগে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। উদ্ধার করা জীবিত ব্যক্তিরা কম্বল মুড়িয়ে বসে আছেন।
রেড ক্রিসেন্ট জানায়, মৃতদেহগুলো শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়ার উপকূল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমে অবস্থিত আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি রাবার বোট ডুবে অন্তত ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন, তাদের সবাইকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও অক্টোবরের মাঝামাঝি সময়ে ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়।
সুলতানা দিনা/