ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের প্রতি তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, ‘‘ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন ও তার জনগণের জন্য ব্যাপক রাজনৈতিক, আর্থিক, অর্থনৈতিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।’’
যুদ্ধের ৪ বছর পূর্তির দিনে ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টদের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রাশিয়া ইউক্রেনে তার সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ‘‘রাশিয়া যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পেরে জানজমাট শীতের মাঝে পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল এবং আবাসিক ভবন।’’
ইউক্রেনের সক্ষমতা টিকিয়ে রাখতে সহায়তার বিবরণ দিয়ে নেতৃবৃন্দ জানান, ২০২২ সাল থেকে এ পর্যন্ত প্রদান করা প্রায় ২০০ বিলিয়ন ইউরো (২৩৬ বিলিয়ন ডলার) সহায়তার পাশাপাশি ইইউ নেতারা নতুন করে আরও ৯০ বিলিয়ন ইউরো (১০৬ বিলিয়ন ডলার) প্রদানে সম্মত হয়েছেন। ২০২৬-২৭ সালের জন্য বরাদ্দকৃত এই অর্থ ইউক্রেনের জরুরি বাজেট এবং প্রতিরক্ষা চাহিদা মেটাতে ব্যয় করা হবে, যাতে রাশিয়ার আক্রমণের মুখে দেশটি শক্তিশালী অবস্থানে থাকতে পারে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/