মধ্য ও পূর্ব ইউরোপে সম্প্রতি এক গবেষণায় ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ওই অঞ্চলের প্রায় ৪৫ শতাংশ মানুষ মনে করেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান পদক্ষেপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ওপর চালানো নাৎসি জার্মানির নির্যাতনের মতো।
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অন অ্যান্টিসেমিটিজম বিভাগ এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এতে দেখা যায়, পোল্যান্ডের ৪৫ শতাংশ উত্তরদাতা সরাসরি একমত পোষণ করেছেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আচরণ নাৎসিদের হাতে ইহুদিদের নির্যাতনের চেয়ে ভিন্ন কিছু নয়’। মাত্র ১৮.৭ শতাংশ মানুষ এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। বাকি ৩৬.২ শতাংশ মানুষ কোনো মতামত দেননি।
পূর্ব ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলোকাস্ট এবং কুসংস্কার বিষয়ক বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই গবেষণায় অন্যান্য দেশেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। স্লোভাকিয়ার ৪২.৭ শতাংশ মানুষ এই তুলনার সঙ্গে একমত হয়েছেন। অস্ট্রিয়াতে এই হার ৪১.৩ শতাংশ এবং জার্মানিতে ৪০.৫ শতাংশ। অন্যদিকে চেক রিপাবলিকে ৩২.৮ শতাংশ মানুষ এমন মন্তব্য সমর্থন করেছেন। হাঙ্গেরিতে এই হার সবচেয়ে কম, সেখানে ২৯.৯ শতাংশ মানুষ ইসরায়েলি পদক্ষেপকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন।
এই গবেষণা প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যার কিছুদিন আগে পোল্যান্ডের পার্লামেন্টে একটি বিতর্কিত ঘটনা ঘটে। দেশটির উগ্র ডানপন্থী এমপি কনরাড বারকোভিচ পার্লামেন্টে নাৎসিদের প্রতীক স্বস্তিকা চিহ্ন আঁকা একটি ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। এই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মূলত গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে ইউরোপীয় জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়টিই এই গবেষণায় ফুটে উঠেছে। বর্তমানে পোল্যান্ডের ওয়ারশসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর