ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের পুশব্যাক বা ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।
বুধবার (২০ মে) নবান্নে (সচিবালয়ে) আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে আজ থেকেই রাজ্যে ‘পুশব্যাক’ নীতি কার্যকর করা হচ্ছে। এর ফলে রাজ্য থেকে দ্রুত অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা সম্ভব হবে।”
মুখ্যমন্ত্রী জানান, চিহ্নিত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ সরাসরি সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফের হাতে তুলে দেবে। এরপর আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অনুপ্রবেশকারী হটাতে ২০২৫ সালেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সেই নির্দেশিকা মানেনি। বর্তমান বিজেপি সরকার জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আজ থেকেই সেই আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ব্যাখ্যা অনুযায়ী, যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আইনি প্রক্রিয়ায় শনাক্ত করা হবে, তাদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে রাজ্য পুলিশ আইনি কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবে।’
সংবাদ সম্মেলনে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং বাংলাদেশ থেকে আগত মতুয়া জনগোষ্ঠীর উদ্বেগ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, সিএএর অন্তর্ভুক্ত ৭টি ধর্মের নিপীড়িত মানুষ যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তাদের পুলিশ কোনোভাবেই হেনস্তা বা আটক করতে পারবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। কোনো হিন্দু ধর্মাবলম্বী কিংবা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের ভারত থেকে বিতাড়িত করা হবে না।
মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করেন, যারা সিএএর আওতায় নেই, তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন। তাদের পুলিশ আটক করে বিএসএফের হাতে দেবে এবং বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত পাঠাবে। সীমান্তসংক্রান্ত এই চূড়ান্ত প্রক্রিয়াটি আন্তর্জাতিক প্রটোকল মেনেই সম্পন্ন করা হবে। বৈধ নাগরিক এবং নির্ধারিত শর্ত পূরণ করা আবেদনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন