স্থানীয় জনগণের অংশগ্রহণেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শাহজাহান মিয়া বলেন, ‘আমরা সম্মানিত নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশগ্রহণ করলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সফল হবে।’
এ ছাড়া নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
ডিএসসিসি অঞ্চল-৬-এর ৭৪ নম্বর এবং ৭৫ নম্বর ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি, তা হলে সিটি করপোরেশনের কাজ সহজ হয়ে যায়।’
জনগণের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেন রেজাউল মাকছুদ।
সকাল ৬টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।
এ ছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাজু/পপি/