রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের কাছে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় বড় প্রভাব পড়েছে যাত্রী পরিবহনে। ওই ঘটনার পরে যাত্রীরা নিরাপত্তা ইস্যুতে আতঙ্কে থাকায় প্রতিদিন ১০ শতাংশ কম যাত্রী কম পরিবহন করছে মেট্রোরেল।
সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ, ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, এমআরটি-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব, উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী।
গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত হন ব্যবসায়ী আবুল কালাম (৩৫)। এ ঘটনায় সারাদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। মেট্রোরেল অবকাঠামো স্থায়িত্ব নিয়ে বিস্তর সমালোচনা হয় দেশজুড়ে। ডিএমটিসিএল ফার্মগেট ও বিজয় সরণি স্টেশনের মাঝে বিভিন্ন ভায়াডাক্টে ১৮টি বিয়ারিং প্যাড পরিবর্তন করে ফেলেছে।
সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এমডি মো. ফারুক আহমেদ বলেন, বিয়ারিং পরিবর্তনের আগে শুক্রবার বাদে দৈনিক যাত্রী সংখ্যা ছিল ৪ লাখ ৬০ হাজার জন থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭৫ হাজার জন। বিয়ারিং সমস্যার পরে সংখ্যা নেমে এসেছে- ৪ লাখের কাছাকাছি। শতকরা হিসেবে ১০ শতাংশ কম যাত্রী পরিবহন করেছে।
এই পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের সময়সূচি ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার কারণে সকালবেলায় বিপুল যাত্রী হচ্ছে না। নির্বাচন–পূর্ব পরিস্থিতিও যাত্রী পরিবহনে প্রভাব ফেলছে।
সেখানেই ঘটনা থেমে নেই। মেট্রোরেল ট্র্যাকে ভ্যানিটি ব্যাগ ফেলে গেছেন যাত্রী। উড়ে এসে ড্রোন পড়েছে সম্প্রতি। গত কয়েকদিনে মেট্রো লাইনের ওপর সাতটি ককটেল পাওয়া গেছে। এরপর গত রবিবার রাতে সচিবালয় স্টেশনে একটি ছেলে মেট্রোরেলের ছাদে উঠে পড়ে। এসব ঘটনাও যাত্রী পরিবহনে বড় প্রভাব ফেলেছে। রবিবার রাতের ঘটনায় নাশকতামূলক পরিকল্পনা রয়েছে কি না তাও এখন এমআরটি পুলিশ খতিয়ে দেখছে।
জয়ন্ত সাহা/সুমন/