চোখের ডাক্তারের কাছে গেছি। ডাক্তার দেখতে-শুনতে বেশ ভালো। অল্পবয়সী। তিনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, কী সমস্যা?
বললাম, সমস্যা চোখে, না মাথায় ঠিক বুঝতে পারছি না ডাক্তার সাহেব। বইমেলা এলেই চোখে উল্টাপাল্টা দেখি।
ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, বইমেলার সঙ্গে চোখের সম্পর্ক থাকার কথা না। আচ্ছা আপনি কি লেখক?
— খুবই লজ্জিত গলায় বললাম, জি।
— সমস্যা খুলে বলুন।
— সমস্যা বেশ জটিল ডাক্তার সাহেব। পাগল-ছাগল হয়ে যাচ্ছি কি না বুঝতে পারছি না। বইমেলা আসছে জানেন তো? এই মেলায় আমারও একটা বই আসবে। বইমেলা এলেই আমার মাথা এলোমেলো হয়ে যায়।
ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, কেন?
বললাম, আমি ফেসবুকে টুকটাক লেখালেখি করি। সে হিসেবে অনেক লেখক লেখিকার সঙ্গে আমার পরিচয় আছে। গত বছর যে প্রকাশনী থেকে আমার বই বের হইছে, আমার পরিচিত বেশ কয়েকজন লেখক-লেখিকার বইও বের হইছিল। একদিন আমি গিয়ে দেখি কয়েকজন পরিচিত লেখিকা বইয়ের স্টলে বসে আছে, যাদের আমি ফেসবুকের কল্যাণে চিনি।
— থাকুক বসে। তাতে আপনার সমস্যা কী?
— আরে ভাই, গোলমাল তো সেখানেই। গিয়ে দেখি প্রত্যেক লেখিকার বয়স বেড়ে গেছে। আমি ঠিকমতো কাউকেই চিনতে পারছি না!
— মানে কী?
— ফেসবুকে তো তাদের চেহারা ছবি দেখেছি। মেসেঞ্জারে অনেকের সঙ্গে টুকটাক কথাও হয়েছে। তারা দেখতে শুনতে বেশ ভালো। সুন্দরী। অল্পবয়সী মনে হইছে। কিন্তু সামনাসামনি গিয়ে দেখি, তাদের বয়স বেড়ে গেছে। তাদের আগের মতো সুন্দর লাগছে না! বিশ্বাস করবেন কি না জানি না, কয়েকজনের চুল পর্যন্ত পেকে গেছে! ভয়াবহ অবস্থা!
— বলেন কী?
— তবে আর কী বলছি ভাই! আমি বুঝতে পারছি আমার চোখে সমস্যা হচ্ছে, নইলে এমন দেখব কেন? লজ্জায় কারও সঙ্গে ঠিকমতো কথা বলতে পারি নাই। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন, ফেসবুকে আমার প্রকাশককে ইয়াং দেখেছিলাম। তাকেও বুড়োর মতো লেগেছে।
— তারা আপনার সঙ্গে কথা বলে নাই?
— বলছে তো। তারাও বলছিল, হানিফ ভাই, আপনার বয়স তো অনেক বেড়ে গেছে! ফেসবুকে অনেক ইয়াং দেখেছি!
— তো আপনি কী বললেন?
—এই বিষয়টা নিয়ে চিন্তিত বলেই হয়তো আমাকে একটু বয়স্ক লাগছে! নইলে তারা এমন কথা বলবে কেন? মেলা শেষে বাড়ি ফিরে এলাম। ফেসবুকে ঢুকে দেখি, আমার চোখ ভালো হয়ে গেছে। উনাদের আবার অল্পবয়সী, সুন্দর লাগছে!
— তাহলে তো চোখ ভালো হয়ে গেছে।
— আরে না, পরের বইমেলাতেও দেখি একই অবস্থা। তাই এবার বইমেলা আসার আগেই আপনার কাছে এসেছি, যদি রোগটা এবারও দেখা দেয়! আচ্ছা ডাক্তার সাহেব রোগটা আমার শরীরে না মনে?
ডাক্তার সাহেব বললেন, রোগ আপনার শরীরে না, মনেও না, মোবাইলে। এডিটিং করা ছবিতে সবাইকে সুন্দর দেখায়।