ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার
Nagad desktop

বাদ পড়তে পারেন আ.লীগের এক-তৃতীয়াংশ এমপি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১১:৩০ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ এএম
বাদ পড়তে পারেন আ.লীগের এক-তৃতীয়াংশ এমপি
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নাম এসেছে এমন এমপিদের কপাল পুড়তে যাচ্ছে এবার। আর তাদের সংখ্যাও কম নয়। বর্তমান সংসদ সদস্যদের তিন ভাগের এক ভাগ নৌকার মনোনয়নবঞ্চিত হতে যাচ্ছেন বলে জানা গেছে। তা ছাড়া বার্ধক্যের বিষয় তো রয়েছেই। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ৫৬ জন মন্ত্রী-সংসদ সদস্য নৌকার মনোনয়ন পাননি। এর আগে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন থেকে বাদ পড়েন আওয়ামী লীগের ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৯ জন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, দ্বাদশ নির্বাচনে বাদ পড়ার সংখ্যা আরও বাড়বে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করেছেন এবং জনগণের কাছে বিগত দিনে সরকারের উন্নয়ন তুলে ধরতে ব্যর্থ হয়েছেন, এমন এমপিদের মনোনয়ন দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

চলতি বছর সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য সার্ভে চলছে। আমার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী যারা ভালো কাজ করেছেন, যারা জনগণের কাছে যান, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। আর যারা জনবিচ্ছিন্ন এবং এলাকার লোকজনের সঙ্গে যাদের সুসম্পর্ক নেই, এলাকায় যান না তাদের মনোনয়ন দেওয়া হবে না।’ কোনো ধরনের তদবির এ ক্ষেত্রে কাজে আসবে না বলে সতর্ক করেন দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে এগিয়ে আছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। তিনি নিজের ওয়ার্ডের বাইরে খুব বেশি সময় দেন না বলে স্থানীয় নেতারা অভিযোগ করেছেন। ওই আসনে নেতা-কর্মীদের সঙ্গে এমপির সম্পর্কের অবনতি দৃশ্যমান। করোনাকালীয় থেকে তিনি স্থানীয় ভোটারদের কাছে যাতায়াত ছেড়ে দিয়েছেন বলেও জানা গেছে। 

একই ঝুঁকিতে আছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান। 

জনবিচ্ছন্ন ও গ্রুপিংয়ের কারণে মনোনয়ন-ঝুঁকিতে রয়েছেন ঢাকা-১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির, কক্সবাজার-৪-এর শাহীন আক্তার চৌধুরী, ভোলা-৪-এর আবদুল্লা আল ইসলাম জ্যাকব, হবিগঞ্জ-১-এর গাজী মো. শাহনেওয়াজ, হবিগঞ্জ-৩-এর আবু জাহির, রাজবাড়ী-২-এর এমপি জিল্লুল হাকিম, যশোর-১-এর শেখ আফিল উদ্দিন, যশোর-২-এর মো. নাসির উদ্দিন, সাতক্ষীরা-৩-এর আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪-এর এস এম জগলুল হায়দার। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তাদের দূরত্ব দিন দিন বেড়েই চলছে। তাদের এলাকায় কম দেখা যায় বলে অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের।

এ ছাড়া বার্ধক্যজনিত কারণ বাদ পড়তে পারেন প্রবীণ নেতা ঢাকা-৫ আসনের এমপি আগাঁ খান মিন্টু, ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন প্রমুখ।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে বর্তমান এমপিদের খোঁজখবর নিচ্ছেন। তবে দলের এমপি হোক বা মন্ত্রী হোক অথবা দলের বড় কোনো পদে থাকা নেতা হোক, যারা জনস্বার্থে কাজ করতে ব্যর্থ হয়েছেন তারা মনোনয়ন পাবেন না।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, দলে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন বোর্ডে প্রার্থীর যোগ্যতা, সক্ষমতা, জনপ্রিয়তা দেখা হয়। গত ২০ বছরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবারই মনোনয়নে পরিবর্তন এসেছে। সেখানে নতুন নেতৃত্ব আনা হয়। এটি দলের একটি পলিসি বলা যেতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ প্রকট আকার ধারণ করেছে। তৃণমূলের নেতারা সংসদ সদস্যদের বিরুদ্ধে কর্মীদের অবমূল্যায়ন, মনোনয়ন বাণিজ্য, ‘ভাই লীগ’ গঠন, বিএনপি-জামায়াত কর্মীদের দলীয় পদে স্থান দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলেন; যা গড়িয়েছে দলীয় প্রধান শেখ হাসিনা পর্যন্ত। গত ৬ আগস্ট আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনার সামনে এমপিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পর্যায়ের অন্তত ছয়জন নেতা।

লাল তালিকায় বিতর্কিত সংসদ সদস্যরা

২০২০ সালের ৩১ জুলাই খুন হন গোপালপুরের হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন। তিনি সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্বাচনী এলাকার বাসিন্দা। নিক্সন হত্যা মামলার প্রধান আসামি সুমনের একটি ভিডিও ফাঁস হয়েছে গত ৪ জুন। ভাইরাল হওয়া ২০ মিনিট ২১ সেকেন্ডের এই ভিডিওতে সুমনের বক্তব্য অনুযায়ী খুনের নির্দেশদাতা হিসেবে টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির নাম আসে। আসামি সুমন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর আদালতের গারদখানায় রেকর্ড করা এক ভাইরাল ভিডিওতে একাধিকবার দাবি করেছেন, টাঙ্গাইলের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির নিক্সন হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী। পাশাপাশি এমপির পিএস মির্জা আসিফ মাসুদসহ হত্যাকাণ্ডে জড়িত অন্য সবার কথাও বলেছেন তিনি। এই সুমন একসময় এমপি ছোট মনির ঘনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানা গেছে। তৃণমূলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে না থেকে দীর্ঘ ১৬ বছর পর বিদেশ থেকে এসে এমপি বনে যান ছোট মনি। যে কারণে দীর্ঘদিন ধরে তৃণমূলে পোড় খাওয়া নেতা-কর্মীদের বাদ দিয়ে হাইব্রিডদের সঙ্গে নিয়ে রাজনীতি করার অভিযোগ তার বিরুদ্ধে। আগামী নির্বাচনে এই সংসদ সদস্য নৌকা থেকে বঞ্চিত হতে পারেন।

লাল তালিকার শীর্ষে থাকা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত হয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুরাদের একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, মুরাদ একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করতেনই না, বরং এলাকার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুরাদের কফিনে শেষ পেরেক ছিল ঢাকায় চলচিত্রের দুজন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে তার ফোনালাপ ফাঁস হওয়া। এই ঘটনায় প্রতিমন্ত্রীর পদ থেকে মুরাদকে পদত্যাগ করতে হয়। সর্বশেষ জামালপুর-৪ আসনের সংসদ সদস্য পদ থেকেও মুরাদকে সরাতে মিছিল করেন স্থানীয় লোকজন।

দলের নীতিনির্ধারণীর সঙ্গে সম্পর্ক অবনতি ও নানা বিতর্কিত কর্মকাণ্ডে ফরিদপুর-৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও তেমন যোগাযোগ নেই। স্থানীয় এমপি মাঠ ছেড়ে দিয়ে বিদেশ থাকায় এ আসনে বিকল্প খুঁজছে আওয়ামী লীগ।

এ ছাড়া মনোনয়নবঞ্চিত হতে পারেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিব এ মিল্লাত মুন্না। নিজ আসনে একাধিক গ্রুপিং ও মাইম্যান তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই আসনে একাধিক গ্রুপিংয়ের বলি হয়েছেন স্থানীয় কয়েকজন নেতা-কর্মী, যা গড়িয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড পর্যন্ত। যার কারণে বিলুপ্ত করা হয় জেলা আওয়ামী লীগের কমিটি। নতুন সম্মেলনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ থেকেও বাদ পড়েন তিনি। 

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবার দলীয় মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে রয়েছেন। জেলার জ্যেষ্ঠ নেতাদের লাঞ্ছিত করা, মাইম্যান তৈরি, বিদেশে অর্থ পাচারসহ গুরুতর অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নাটোর জেলা আওয়ামী লীগের একাধিক নেতা এবার শিমুলের বিরুদ্ধে মাঠে রয়েছেন। এর সঙ্গে স্থানীয় দুই এমপি এবং সরকারের এক প্রতিমন্ত্রীও সায় দিচ্ছেন।

বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় কর্মীদের বাদ দিয়ে ‘ভাই লীগ’ তৈরির অভিযোগ রয়েছে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে। এলাকায় জর্জ লীগ নামে বাহিনী রয়েছে তার। ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়ে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য পদ বাগিয়ে নিতে পেরেছেন তিনি। ওই আসনের তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনে এমপি জর্জ লীগ বনাম আওয়ামী লীগ চলে। কেউ জর্জ লীগের বিরুদ্ধে গেলেই মামলা রেডি থাকে। এসব মামলার আসামি আওয়ামী লীগেরই সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অসংখ্য নেতা-কর্মীর নামে এমপির মামলা চলমান রয়েছে। 

মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে রয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। গত বছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। দলের এমপি বনাম উপজেলা চেয়ারম্যানের এমন ঘটনায় বিব্রত হয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ডও।

মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। চলতি বছর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে প্রকাশ্যে কিলঘুষি মারার অভিযোগ ওঠে এই সংসদ সদস্যের বিরুদ্ধে। ১৫ মিনিট ধরে পেটানো হয় শিক্ষককে। পরে শিক্ষককে দিয়ে জোরপূর্বক এমপির পক্ষে সাফাই গাইতে বাধ্য করেন ওমর ফারুক। এ নিয়ে রাজশাহীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তোলপাড় সৃষ্টি হয়। তার এমন কর্মকাণ্ডে বিব্রত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও।

মনোনয়নবঞ্চিত হতে পারেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথও। দুই মেয়াদে আসনটিতে এমপি হলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, এমপির কর্মকাণ্ডে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন ও তাদের মধ্যে বেশ কিছু প্রার্থীকে জিতিয়ে এনেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চারটি খুন, শতাধিক আহত, নির্বাচন স্থগিত, নির্বাচনী কার্যালয় ভাঙচুরসহ বিতর্কিত কর্মকাণ্ডে এই সংসদ সদস্যের নাম আসে। এ ছাড়া স্থানীয় মেয়রকে কোপানোর হুমকি দিয়ে পুলিশের ওসির সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পঙ্কজ দেবনাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া তৃণমূলে দলের মধ্যে কোন্দলের জন্য অভিযুক্ত সংসদ সদস্যরাও মনোনয়ন থেকে ছিটকে পড়তে যাচ্ছেন। নীলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দিন সরকার, পঞ্চগড়-১ আসনের মাজহারুল হক প্রধান, নোয়াখালী-২ আসনের মোরশেদ আলম, কুড়িগ্রাম-১ আসনের আসলাম হোসেন সওদাগরসহ রাজশাহীর পাঁচ এমপির বিরুদ্ধে এলাকায় গ্রুপিংয়ের অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে আওয়ামী লীগের কার্যালয়ে অভিযোগ দিয়েছেন তৃণমূল নেতারা।

এই গ্রুপিংয়ের দৌড়ে মনোনয়ন না পাওয়ার ঝুঁকিতে রয়েছেন পটুয়াখালীর চারজন এমপি। তাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি।

কিছুটা ভিন্ন চিত্র খুলনায়। এই বিভাগে মোট ছয়টি সংসদীয় আসন। এর মধ্যে একটি ছাড়া পাঁচটিতে অন্তত ৩২ নেতা মনোনয়নপ্রত্যাশী। খুলনা-১, ৫ ও ৬ এই তিনটি আসনের এমপিরা নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দূরত্বের কারণে এখানে প্রার্থীও বেশি।

সালমান

নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায়

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৮ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ এএম
নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায়
নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি কেটে জলাশয়ে পরিণত করেছেন ঠিকাদারের লোকজন। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেললাইনের সংযোগ উড়াল সেতুর পিলারের নিচে থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিয়েছেন ঠিকাদার। পিলারের নিচে থাকা সিমেন্টের ব্লক তুলে ফেলা হয়েছে। তবে এরই মধ্যে মাটি কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাটি কাটায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবস্থিত পদ্মা রেলসেতুর সংযোগ রেললাইনের উড়াল সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর। প্রকল্পটির প্রধান নির্মাতা চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তবে বাংলাদেশের সাব-কন্ট্রাক্টর হিসেবে রিংটেক লিমিটেড নামের প্রতিষ্ঠান আলীগঞ্জ ভায়াডাক্ট (উড়াল সেতু) নির্মাণে যুক্ত ছিল। দুটি প্রতিষ্ঠান চুক্তি অনুসারে প্রকল্পের কাজ শেষ হলেও এখনো তারা প্রকল্পের বিভিন্ন সামগ্রী বিক্রি করে যাচ্ছে। এমনকি বিক্রি থেকে বাদ যায়নি মাটিও।

গতকাল মঙ্গলবার আলীগঞ্জ উড়াল সেতু এলাকায় গিয়ে দেখা যায়, এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার কারণে রেললাইনের সংযোগ সেতুর পাঁচটি পিলারের নিচের দুই পাশে মাটি নেই। রেললাইনের ৮৫ নম্বর পিলার থেকে শুরু করে ৮৯ নম্বর পিলার পর্যন্ত পিলারের প্রায় ১৭৫ মিটার এলাকাজুড়ে গভীর করে মাটি কাটায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকগুলো তুলে ওপরে ফেলে রাখা হয়েছে। এতে পদ্মা সেতুর সংযোগ রেললাইনের উড়াল সেতুর পিলারের অবকাঠামো ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হওয়ায় প্রতিবাদ জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে স্থানীয় একটি ইটভাটার মালিক পরিচয়ে পিলারের নিচ থেকে মাটি কেটে ট্রাকভর্তি করে দাপা এলাকায় নিয়ে গেছে। এলাকাবাসী বাধা দিলে ইটভাটার মালিক কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার এবং ফতুল্লা শ্রমিক লীগ নেতা আবু বক্কর তা মানেননি, বরং রেলসেতুর পিলারের পাশ থেকে মাটি কেটে নেওয়ার পাশাপাশি মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকও তুলে ফেলা হয়েছে। নষ্ট হয়ে গেছে চলাচলের রাস্তাও। মেম্বার এলাকাবাসীকে জানিয়েছেন, ঠিকাদারের কাছ থেকে তার ভাটার জন্য তিনি মাটি কিনেছেন। পরে মাটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের লোকজন মাটি কাটা বন্ধ করে দেন। তবে মাটি ফেরত এনে খনন করা গর্ত ভরাট করা না হলে রেল চলাচলের অবকাঠামো ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। 

ভিডিও দেখে মাটি কাটা বন্ধ করে দেওয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন খবরের কাগজকে বলেন, ‘ওইখানে রেলওয়ের লোকজনসহ ঠিকাদারদের মাটি কাটা বন্ধ করে দিয়েছি। রেললাইনের সংযোগ উড়াল সেতুর পিলার রক্ষার পরবর্তী কাজ করবে রেল কর্তৃপক্ষ।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাটি কাটার কোন বৈধ অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির। তিনি খবরের কাগজে বলেন, মাটি কাটার একটি ভিডিও ভাইরাল হলে দেশি-বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নথিপত্রসহ হাজির হতে বলা হয়। কিন্তু তাদের মাটি কাটার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জেলা প্রশাসন তাই মাটি কাটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি গর্ত ভরাটে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, রেলওয়ে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাটি কাটার অনুমতি দেয় না। যারা মাটি কেটেছে তাদের মাটি নেওয়ার চুক্তিও নেই। তাদেরকে মাটি অপসারণের কোনো অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদনহীন মাটি কাটার বিষয়ে ইতোমধ্যে রেলওয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটিই পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:১২ এএম
জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি
ছবি: সংগৃীহত

জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবায় অস্তিত্ব সংকটের মুখে পড়ছে ব্রহ্মপুত্র নদ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ মেয়াদে এই নদে পানির প্রবাহ উল্লেখযোগ্য হারে কমে যাবে। এর ফলে ভবিষ্যতে অববাহিকা এলাকায় খরার তীব্রতা যেমন বাড়বে, তেমনি হুমকির মুখে পড়বে নদীর পরিবেশগত প্রবাহ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডব্লিউএফএম) একদল গবেষক এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। জার্নাল অব ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে চলতি বছর তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন জারিন তাসনিম ও এ কে এম সাইফুল ইসলাম। গবেষক দলের অন্য সদস্যরা হলেন ইন্দ্রনীল সরকার, মো. সাইদুজ্জামান, খন্দকার এম অনিক রহমান, মোহাম্মদ আসাদ হোসেন এবং মো. সাদমান সাকিব। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের অর্থায়নে ‘ইনহ্যান্সিং কোস্টাল রেজিলিয়েন্স থ্রু নেচার-বেজড সলিউশনস’ প্রকল্পের আওতায় এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 

উদ্বেগ বাড়াচ্ছে দূরপাল্লার পূর্বাভাস
গবেষণায় সিএমআইপি-৬ ক্লাইমেট প্রজেকশন (গ্লোবাল ক্লাইমেট মডেল) এবং সয়েল অ্যান্ড ওয়াটার অ্যাসেসমেন্ট টুল–‘স্যাট’ নামক হাইড্রোলজিক্যাল মডেল ব্যবহার করে ব্রহ্মপুত্র নদের ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ২০৪০ থেকে ২০৬৯ সময়কালে নদে পানির প্রবাহ সামান্য বাড়তে পারে। তবে ২০৭০ সাল থেকে ২১০০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি সময়ে পানির প্রবাহ প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্টান্ডার্ডাইজড ডিসচার্জ ইনডেক্স বিশ্লেষণ বলছে, ভবিষ্যতে এই অববাহিকায় শুষ্ক ও আর্দ্র চরমভাবাপন্ন আবহাওয়ার প্রকোপ বাড়বে। বিশেষ করে দূর ভবিষ্যতে খরার তীব্রতা ও পৌনঃপুনিকতা অনেক বেশি হবে বলে গবেষকরা সতর্ক করেছেন।

নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জরুরি ‘ইকোলজিক্যাল ফ্লো’ নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের আরেকটি মডেল এসএসপি৩-৭.০ অনুযায়ী, নিকট ভবিষ্যতেই নদীর প্রবাহ প্রায় ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। পানির প্রবাহের এই নিম্নমুখী প্রবণতা জলজ প্রাণীর প্রজনন ও সামগ্রিক বাস্তুসংস্থানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা জানান, ব্রহ্মপুত্র একটি অত্যন্ত সংবেদনশীল আন্তসীমান্ত নদ, যা বাংলাদেশসহ চারটি দেশের কোটি মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস। ভবিষ্যতের চরম অনিশ্চয়তা মোকাবিলায় গবেষকদের পরামর্শ হলো অবিলম্বে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদার করতে হবে। পাশাপাশি আন্তসীমান্ত সহযোগিতা বৃদ্ধি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

কংক্রিটের জঙ্গলে জলবায়ু ঝুঁকি
জলবায়ু পরিবর্তনের মরণফাঁদে থাকা বাংলাদেশের শহরগুলোর অস্তিত্ব রক্ষায় কেবল কংক্রিটের স্থাপনা আর যথেষ্ট নয়। এর বদলে শহর গড়ার পরিকল্পনা ও অবকাঠামো নির্মাণে ‘প্রকৃতিভিত্তিক সমাধান’ গ্রহণের বিকল্প নেই বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) এক নতুন প্রতিবেদনে।

২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত ‘কম্পেনডিয়াম অন নেচার-বেজড সলিউশনস ফর আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রথাগত উন্নয়নের চেয়ে প্রকৃতিকে সঙ্গী করে নেওয়া অবকাঠামোই ভবিষ্যতে শহরগুলোকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে যেমন তীব্র তাপপ্রবাহ বাড়ছে, অন্যদিকে পানিসংকটের মতো সমস্যাও প্রকট হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রথাগত ‘ধূসর’ বা কৃত্রিম অবকাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে প্রকৃতিভিত্তিক সমাধানকে একটি সাশ্রয়ী ও টেকসই বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে খরা
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভয়াবহ খরা এখন কেবল স্থানীয় সংকট নয়, বরং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংকট মোকাবিলায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা কর্মসূচি-ক্লেয়ার প্রোগ্রামের অধীনে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে পরিচালিত গবেষণা ও অভিযোজনমূলক কার্যক্রম নতুন আশার সঞ্চার করেছে। আজ ১৭ জুন ‘বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এশিয়া ও আফ্রিকার খরাপ্রবণ অঞ্চলের পরিবর্তনের এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বিশ্ব এমন সব খরার মুখোমুখি হয়েছে, যা গত কয়েক দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভারত, নেপাল, উগান্ডা, তাঞ্জানিয়া ও কেনিয়াসহ আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে প্রকট। এই খরা কেবল ফসলের ক্ষতিই করছে না, বরং খাদ্য নিরাপত্তা, সুপেয় পানির সংকট, জনবসতির স্থানচ্যুতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক সংঘাত খরা পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলছে।

এই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, খরা মোকাবিলায় কেবল প্রযুক্তি বা অবকাঠামোই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন স্থানীয় ও আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পানির ন্যায্য বণ্টন। খরাপ্রবণ দেশগুলোকে জলবায়ু বাজেটে পর্যাপ্ত অর্থ সংকুলান রাখার পরামর্শও দিয়েছে ক্লেয়ার

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:৩৩ এএম
শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি
ছবি: সংগৃহীত

খেলার মাঠের হইহুল্লোড় কিংবা বইয়ের পাতার ঘ্রাণ–শৈশবের এই চিরচেনা অনুষঙ্গগুলো এখন অনেকটাই ইতিহাস। বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের শৈশব এখন বন্দি হয়ে পড়েছে স্মার্টফোনের নীল আলোর স্ক্রিনে। ফেসবুক, টিকটক কিংবা ইনস্টাগ্রামের ভার্চুয়াল জৌলুশে বুঁদ হয়ে থাকা এই প্রজন্ম কেবল শারীরিক সক্ষমতাই হারাচ্ছে না, বরং জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং কালচারসহ নানা ভয়াবহ অপরাধ ও মানসিক অস্থিরতায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির এই লাগামহীন ব্যবহার কোমলমতি শিশুদের সামাজিক ও মানসিক বিকাশে ডেকে আনছে এক মারাত্মক বিপর্যয়। 

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে এখন নজিরবিহীন কড়াকড়ি শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে আইন পাস করেছে। ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও চীনের মতো দেশগুলোও নিয়েছে একই পথ। বিশ্বের প্রায় ৭৯টি দেশে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশেও শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপের প্রসঙ্গ নতুন করে আলোচিত হচ্ছে। 

স্ক্রিনে বন্দি শৈশব ও মানসিক অবক্ষয়
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম শিশুদের মধ্যে ‘ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন’ বা তাৎক্ষণিক তৃপ্তিবোধের এমন এক আসক্তি তৈরি করছে, যা তাদের দীর্ঘমেয়াদি মনোযোগের ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। বাস্তব জগতের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হওয়া এই শিশুরা ক্রমেই সৃজনশীলতা হারাচ্ছে। একই সঙ্গে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ঘুমের ব্যাঘাত, স্থূলতা এবং দৃষ্টিশক্তির সমস্যা এখন ঘরে ঘরে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ থেকে ১৭ বছর বয়সী ৩২ শতাংশ শিশু সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানির শিকার। অথচ প্রযুক্তির এই অপব্যবহার কেবল ব্যক্তিগত সমস্যার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, তা রূপ নিচ্ছে সামাজিক ব্যাধিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে শিশুরা বিভিন্ন ধরনের মানসিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা অধিশাখার পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, ‘বাচ্চাদের সাইকোলজিক্যাল ও সাইকো-সোশ্যাল সমস্যা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে সমস্যাগুলো তৈরি হচ্ছে।’

নিজের অভিজ্ঞতার আলোকে শিশুদের বিপথগামী হওয়ার বিভিন্ন উদাহরণ টেনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অল্প বয়সে বিয়ের মতো ঘটনা বাড়ছে, যা পরবর্তী সময়ে আইনি জটিলতা তৈরি করছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ফেসবুকের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় হওয়ার সূত্র ধরেই এমন পরিণতির দিকে এগোচ্ছে কিশোর-কিশোরীরা।

কিশোর গ্যাং: স্মার্টফোনের অন্ধকার অধ্যায়
প্রযুক্তির আশীর্বাদের আড়ালে ডালপালা মেলছে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি। অপরাধের নীল নকশা তৈরি, সদস্য সংগ্রহ, প্রতিপক্ষকে হুমকি দেওয়া–সবকিছুর মূল হাতিয়ার হয়ে উঠেছে স্মার্টফোন। র‌্যাবের পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় বছরে দেশে প্রায় ১ হাজার ১২৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল ফোন বিশ্লেষণ করে দেখা গেছে, ফেসবুক, মেসেঞ্জার ও টিকটক ব্যবহার করেই তারা অপরাধের যাবতীয় সমন্বয় করত। টিকটক বা ফেসবুকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার অন্ধ প্রতিযোগিতা অনেক মেধাবী কিশোরকে ঠেলে দিচ্ছে চরম অপরাধের পথে।

বিশ্বজুড়ে কড়াকড়ি, বাংলাদেশের অবস্থান কোথায়
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের যুগ্ম সচিব মুর্তুজা জুলকার নাঈন নোমান।

তিনি বলেন, ‘আমাদের সাইবার নিরাপত্তা আইন, বিপিডিএ বা ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকে আমরা সাইবার বুলিং মোকাবিলায় গুরুত্ব দিচ্ছি। যদি সরকার ভবিষ্যতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপের প্রয়োজনীয়তা মনে করে, তবে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধন বা নতুন নীতিমালা তৈরির সুযোগ রয়েছে। আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএ) তখন সে অনুযায়ী কাজ করবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁইয়া বলেন, ‘আমাদের এখানে (আইসিটি বিভাগ) এখনো এ বিষয়ে কোনো কিছুই সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। হয়তো এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে।’

ডিজিটাল ব্ল্যাকমেইলিং ও আইনি সুরক্ষা
অনলাইনে পরিচয়ের সূত্র ধরে ব্ল্যাকমেইলিং ও যৌন হয়রানির ঘটনা এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি সরকার ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি ও রিভেঞ্জ পর্নো ছড়ানোর মতো অপরাধের শাস্তি বাড়িয়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান করেছে।

তবে আইনি প্রতিকারের চেয়েও বেশি প্রয়োজন সচেতনতা। সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা অধিশাখার পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম মনে করেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় রেস্ট্রিকশন আরোপ করা এখন সময়ের দাবি।

একক নয়, সমন্বিত উদ্যোগের পরামর্শ
ইউনিসেফ এবং সরকারের যৌথ উদ্যোগে ইতোমধ্যে অনলাইন সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কোর্সের আওতায় প্রায় ২ লাখ ৮০ হাজার শিশুকে সনদ প্রদান করা হয়েছে। তবে পুলিশের সাইবার সাপোর্ট ইউনিটে গত ৬ বছরে ৬০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ার ঘটনা প্রমাণ করে, সাইবার সহিংসতা কতটা গভীরে পৌঁছেছে। শিশুদের অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক কাঠামো ও পারিবারিক বন্ধনের যথাযথ ব্যবহারের ওপর জোর দিচ্ছেন তারা।

সম্প্রতি শিশুদের অপরাধে জড়িয়ে পড়ার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনার সময় এমন মতামত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা। তিনি খবরের কাগজকে বলেন, ‘শিশুদের অপরাধ প্রবণতার পেছনে অনেক কারণ রয়েছে। কোনো একটি কারণকে কেন্দ্র করে এর সমাধান সম্ভব নয়। এটি অনেক উপাদানের একটি অংশ মাত্র।’

অধ্যাপক মাহবুবা সুলতানা মনে করেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতা অন্য দেশ থেকে ভিন্ন। এ দেশের সমাজব্যবস্থায় এখনো অনেক ক্ষেত্রেই যৌথ পরিবারব্যবস্থা বিদ্যমান এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বেশ সক্রিয়।

তিনি বলেন, ‘আমাদের দেশে এখনো পিয়ার গ্রুপ এবং আত্মীয়তার সম্পর্কগুলো অনেক বেশি শক্তিশালী। এই সামাজিক কাঠামো ও সচেতনতা তৈরির মাধ্যমে যেকোনো প্রযুক্তি বা মাধ্যমকে পজিটিভলি কাজে লাগানো সম্ভব। এসব কারণেই অন্য দেশের তুলনায় আমাদের দেশে নেগেটিভ ইমপ্যাক্ট অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়।’

তবে এ বিষয়ে আরও নিবিড় গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্য দেশের প্রেক্ষাপটের সঙ্গে আমাদের দেশের প্রেক্ষাপট হুবহু মিলবে না। এ জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নিয়ে সময় সাপেক্ষে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

সামাজিক ও সাংস্কৃতিক কনটেক্সট ভিন্ন হওয়ায় শিশুদের এই সংকট মোকাবিলায় কোনো একমুখী চিন্তার সুযোগ নেই বলেও মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে রিট 
শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী। আগামী রবিবার লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে তিনি এই রিট আবেদন করবেন। এতে বিবাদী করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। 

কর্মসংস্থানের রূপরেখা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০৭ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৮:১৬ এএম
কর্মসংস্থানের রূপরেখা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
ছবি: খবরের কাগজ

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিল্প-বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বেশ কিছু খাতে রাজস্ব ছাড় দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে এমন হিসাবের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তবে অর্থনীতি বিশ্লেষকরা বলেছেন, প্রণোদনা ও রাজস্ব ছাড় দিলেই কর্মসংস্থান বাড়বে, এমন না। আন্তর্জাতিক অর্থনীতির টানাপোড়েনের নেতিবাচক প্রভাব বাড়ছে দেশের অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ না থামলে দেশে বিনিয়োগ বাড়ানো কঠিন হবে। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘসূত্রতাও বিনিয়োগ না বাড়ার অন্যতম কারণ। অন্যদিকে জ্বালানির দাম বেড়েছে। বাজেটে এসব সংকট দূর করতে দিকনির্দেশনা নেই। আর তাই বাজেটে নেওয়া পদক্ষেপে কর্মসংস্থান বাড়বে এমন নিশ্চয়তা নেই।      

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে নেওয়া পদক্ষেপের সঠিক বাস্তবায়ন হতে হবে। কর্মসংস্থান তিনভাবে বাড়তে পারে: সরকারি, বেসরকারি এবং বিদেশে। 

তিনি বলেন, সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিতে চেয়েছে। এটা সরকারি খাতে কর্মসংস্থান। এভাবে কিছু কর্মসংস্থান সরকারের হাতে আছে। অন্যদিকে বেসরকারি খাতে কর্মসংস্থান অনেক কিছুর ওপর নির্ভর করে। ভূরাজনীতির ফলে আন্তর্জাতিক অর্থনীতির টানাপোড়েন কত দিন চলবে, তা আমরা জানি না। আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব দেশের বাজারে পড়ে। শুধু প্রণোদনা, রাজস্ব ছাড় ও নীতি সহায়তায় বেসরকারি বিনিয়োগ বাড়ে না। বিনিয়োগ বাড়ানোর জন্য দুর্নীতি, জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতাসহ আরও অনেক কিছুর সমাধান দরকার। প্রস্তাবিত বাজেটে এসব সংকটের সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর তা কতটা বাস্তবায়ন হবে—তা নিয়ে প্রশ্ন আছে।     

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, দেশের যুবসমাজকে উৎপাদনশীল কর্মে যুক্ত করা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে অর্থ বিভাগের এসআইসিআইপি কর্মসূচির আওতায় ২ লাখ ২০ হাজার মানুষকে উচ্চ দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ৫ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। 

মন্ত্রী আরও বলেন, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির জন্য অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৩ লাখ ৭০ হাজার গ্রামীণ শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে ৪০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪৫ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 

বাজেটে তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক আয় বৃদ্ধির লক্ষ্যে ফ্রিল্যান্সিং এবং অনলাইন মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশগামী ও প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে নতুন করে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ খবরের কাগজকে বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, স্থানীয় শিল্পের সুরক্ষায় কর কাঠামো যৌক্তিকীকরণ, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং স্টার্ট-আপ ও সিএসএমই প্রণোদনার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা যদি সত্যিকার অর্থে মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে শিল্পায়ন গতিশীল হবে, যা দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। তবে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বৈশ্বিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে তারল্যচাপ এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ বৃদ্ধির ফলে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন ৪.৭২ শতাংশে নেমেছে, যা বিনিয়োগ সম্প্রসারণকে বাধাগ্রস্ত করতে পারে। 

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সহসভাপতি এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী খবরের কাগজকে বলেন, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এ ছাড়া ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য আমাদের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এসব মিলিয়ে আগামীতে শিল্প-বিনিয়োগ বাড়বে আর সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে—তার সম্ভাবনা কম। 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশীয় কৃষি খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প, এসএমই শিল্প এবং রুগ্ণ ও বন্ধ কলকারখানাগুলোর জন্য সহজ শর্তে ঋণ প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। এ প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। বাজেটে এই তহবিলের আওতায় বন্ধ কলকারখানা চালুকরণ ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।  

প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এসব কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধিতে আমাদের সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন খবরের কাগজকে বলেন, দেশে কর্মসংস্থান হোক আমরাও চাই। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে? সরকার এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিয়েছে–এটা আশার কথা। এর জন্য কিছু পরিকল্পনার কথা বলেছেন–যা ভালো উদ্যোগ বলে মনে করছি। কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে তো! কারণ দেশের অর্থনীতির সংকট কাটিয়ে শিল্প-বিনিয়োগ বাড়াতে হবে। আবার মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসন না হলে বিদেশে কর্মসংস্থান বাড়ানো কঠিন হবে। 

গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায়

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৯:০০ এএম
গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায়
ছবি: সংগৃহীত

রাজধানীর উপকণ্ঠে সবচেয়ে বড় ও পরিকল্পিত ‘পূর্বাচল’ নতুন শহরকে একক প্রশাসনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পূর্বাচলের গাজীপুর ও নারায়ণগঞ্জের অংশবিশেষ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রাক-নিকার সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় অনুমোদন পেলেই প্রশাসনিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে নিকার সভার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অন্তর্ভুক্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুটি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ১৪টি মৌজা (মোট ১৬টি মৌজা) ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মাধ্যমে পূর্বাচল প্রকল্পের পুরো এলাকা কার্যত ঢাকা জেলার প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে আসবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ–এই তিন জেলার মধ্যে বিভক্ত। ফলে প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা প্রদানে জটিলতা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় গত ২ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী পূর্বাচলকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা এবং ২৩ এপ্রিলের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নীতিগত অনুমোদন পায়। পরে মে মাসে প্রাক-নিকার সচিব কমিটিও সারসংক্ষেপটি অনুমোদন করে।

তবে প্রস্তাবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পূর্বাচল প্রকল্পের আওতাধীন ২১টি মৌজাকে প্রাথমিকভাবে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনায় ছিল। পরে চূড়ান্ত প্রস্তাবে তা কমিয়ে ১৬টি মৌজায় আনা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পাড়াবার্থা ও বড়কাউ মৌজার আংশিক অংশ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাইঝগাঁও, হারারবাড়ী, ভোলানাথপুর, সুলপিনা ও পিতলগঞ্জ সম্পূর্ণভাবে এবং ইউসুফগঞ্জ, পশি, টেকনোয়াদ্দা, গুতিয়াব, বাঘবের, ব্রাহ্মণখালী, কামতা, হিরনাল ও রঘুরামপুরের আংশিক অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক তালিকায় থাকা কয়েকটি মৌজা বাদ দেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মৌজার পরিবর্তে আংশিক এলাকা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গত ১০ এপ্রিল জারি হওয়া ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এ রাজউকের কার্যপরিধি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আইনের ১(২) ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাজউকের আওতা ঢাকা মহানগরী ছাড়াও ঢাকা জেলার সাভার ও কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নির্ধারিত এলাকাজুড়ে বিস্তৃত থাকবে। নতুন আইনে রাজউকের ভৌগোলিক কার্যপরিধি বহাল থাকলেও প্রশাসনিক সুবিধার জন্য পূর্বাচল প্রকল্পের অংশবিশেষকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার পৃথক উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পূর্বাচল বর্তমানে ৬ হাজার ২৬১ একর জমির ওপর গড়ে ওঠা দেশের বৃহত্তম পরিকল্পিত আবাসন প্রকল্প। এতে ৩০টি সেক্টরে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লট, ৩ হাজার ৫৬৩টি বাণিজ্যিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্লট রয়েছে। প্রকল্প এলাকায় ৩১৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৫২টি সেতুর মধ্যে ৪৯টির কাজ শেষ হয়েছে এবং ৪৩ কিলোমিটার দীর্ঘ লেক ও খাল খননের মাধ্যমে নৌ-নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। পরিকল্পিত নগর উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রকল্পটি ২০১৯ সালে ‘এশিয়ান টাউনস্কেপ জুরি অ্যাওয়ার্ড’ অর্জন করে।
তবে প্রশাসনিক বিভাজনের কারণে এখনো নাগরিক সেবা, ভূমি রেকর্ড, পুলিশি সেবা এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নানা জটিলতা রয়েছে। আন্তমন্ত্রণালয় সভায় রাজউকের চেয়ারম্যান বলেন, একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা গেলে পূর্বাচলকে একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও আধুনিক নগরীতে রূপান্তর করা সহজ হবে।

অন্যদিকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সভায় জেলার সীমানা পরিবর্তনের পরিবর্তে শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির গেজেট সংশোধনের বিকল্প প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এখন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় নিকার সভায় অনুমোদন পেলেই পূর্বাচলের প্রশাসনিক পরিচয়ে বড় পরিবর্তন আসবে। একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএমপি ও ঢাকা ওয়াসার আওতায় আনার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে যাবে। ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি পূর্বাচলকে রাজধানীর সম্প্রসারিত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা বাস্তব রূপ পেতে যাচ্ছে।