নতুন প্রজন্মের কাছে ট্যাটু বেশ রোমাঞ্চকর। বড় বড় তারকা থেকে শুরু করে জনসাধারণের অনেকেই এখন ট্যাটু করাচ্ছেন। তবে এই কাজে যেহেতু সূচ ব্যবহার করা হয় তাই ভালো ফলাফল পেতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।
সম্প্রতি ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ট্যাটু করানোর পাঁচ দিন পর এক ব্যক্তি মেক্সিকো উপসাগরে সাঁতার কাটতে যান। এ সময় কাঁচা ঘাঁয়ে লবণাক্ত পানি ঢোকায় সংক্রমণে তার বেশ কিছু অঙ্গ বিকল হয়ে যায়। পরে তিনি মারা যান।
তাই ট্যাটু করানোর পর কিছু বিষয় মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ট্যাটু করানোর আগেও ট্যাটু আর্টিস্ট সমন্ধে জেনেশুনে যাওয়া ভালো।
ট্যাটু করানোর আগে ও পরে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ ট্যাটুশিল্পীরা। এগুলো হলো-
.jpg)
১. ট্যাটু করার পরপরই জিমে যাবেন না
ট্যাটু করার পরপরই ব্যয়াম করতে জিমে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলছেন টেক্সাসের ট্যাটুশিল্পী ডিলন ফর্টে। তিনি বলেন, জিম যতই পরিচ্ছন্ন রাখা হোক, সরঞ্জামে জীবাণু থেকেই যায়। তাই জিমের সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে।
ডিলন বলেন, ট্যাটু শুকানোর আগে কাঁচা ঘাঁয়ের মতোই থাকে। এ অবস্থায় উচ্চ আর্দ্রতার জায়গায় গেলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তবে এ অবস্থায় শরীরচর্চা যদি করতেই হয় তাহলে অন্তত ট্যাটুর জায়গাটা ব্যায়ামের সরঞ্জামের সংস্পর্শে যেন না আসে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
২. ট্যাটু করার আগে মদপান করবেন না
বেশকিছু কারণেই ট্যাটু করার আগে মদ পান করা উচিত নয়। প্রথমত, মদ পানের পর সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় ট্যাটু করা হলে ভবিষ্যতে অনুশোচনা হওয়ার সম্ভাবনাই বেশি।
এ ছাড়া মদ পান করার পর শরীরের রক্ত পাতলা হয়ে যায়। এতে ট্যাটু করার সময় অনিয়ন্ত্রিত রক্তক্ষরণ হতে পারে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ট্যাটুশিল্পী লুক জাম্পাস।
তিনি বলেন, বেশি রক্তক্ষরণ হলে সুই চামড়ায় বসাতে সমস্যা হয়। এতে ট্যাটুর মান কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ট্যাটু করার ২৪ ঘণ্টা আগে এবং পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত মদপান থেকে বিরত থাকা উচিত।

৩. ট্যাটু শুকানোর আগে খোঁচাবেন না
ট্যাটু শুকাতে সাধারণত দুই সপ্তাহ সময় লাগে। এ সময় কাঁচা ট্যাটুতে যেকোনো ধরণের খোঁচা দেওয়া বা চুলকানো একদমই উচিত নয়।
কাঁচা ট্যাটু চুলকানো হলে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা থাকে। এ ছাড়া খোঁচালে ট্যাটুর রঙ ঝাপসা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে বলে জানান জাম্পাস।

৪. ট্যাটু শিল্পী নির্বাচনে গুরুত্ব দিন, প্রয়োজনে পরামর্শ নিন
আপনি যদি ট্যাটু বিষয়ে অভিজ্ঞ না হন, তাহলে আগে দক্ষ ট্যাটুশিল্পী খুঁজে বের করায় গুরুত্ব দেওয়া উচিত। এতে আপনার আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি পুরো প্রক্রিয়ার সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নিতে পারবেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের ট্যাটুশিল্পী ডিকা ওরিয়াল বলেন, ট্যাটু করার আগে সময় নিয়ে ভালো শিল্পী এবং ট্যাটু স্টুডিও নির্বাচন করা আবশ্যক। এক্ষেত্রে শিল্পীর পোর্টফোলিও বিশ্লেষণ করার মাধ্যমে আপনার চাহিদার সঙ্গে তার শিল্পের ধরণ মিলছে কি না তা যাচাই করার পরামর্শ দেন ডিকা।
এ ছাড়া ট্যাটু করানোর আগে শিল্পীর সঙ্গে বিস্তারিত আলোচনা করে নিন। আপনার ট্যাটুর আকার ও অবস্থান সম্পর্কে পরামর্শ নিতে পারেন। এক্ষেত্রে আপনার প্রশ্নগুলো একটা কাগজে লিখে নিয়ে গেলে সুবিধা হবে।

৫. ট্যাটু করার আগে পর্যাপ্ত খাবার ও পানি পান করুন
ট্যাটুশিল্পী লুক জাম্পাস বলেন, ট্যাটু করতে অনেকটা সময় লাগে। তাই ট্যাটু করানোর আগে পেট ভরে খেয়ে নিন। পর্যাপ্ত পানিও পান করুন যেন অভিজ্ঞতা কষ্টকর না হয়।
এ ছাড়া পেট ভরা থাকলে ট্যাটু করার সময় রক্ত চলাচল ঠিক থাকে। মাথা ঘোরা বা বেহুশ হয়ে যাওয়ার আশঙ্কাও কমে যায়।
৬. ট্যাটু করার পর গোসলের সময় শরীর ঘষার জালি ব্যবহার করবেন না
ট্যাটুর জায়গাটা পরিষ্কার রাখা জরুরি। কিন্তু সেখানে লুফা (ঝিঙের খোসা) বা শরীর ঘষার জালি একদমই ব্যবহার করা যাবে না। লুফা ব্যবহার করলে ঘাঁয়ে চুলকানি হয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে।

৭. ট্যাটুতে সূর্যের আলো লাগতে দেবেন না
সদ্য করা ট্যাটুর ক্ষত সারার আগ পর্যন্ত সেখানে সরাসরি সূর্যের আলো লাগতে দেওয়া উচিত নয়।
জাম্পাস বলেন, সূর্যের আলো পড়লে নতুন ট্যাটু খুব সহজেই বিগড়ে যেতে পারে। সূর্য রশ্মির কারণে ট্যাটুর রঙ হালকা ও ফ্যাকাশে হয়ে যায়। এ ছাড়া প্রথম কয়েক সপ্তাহের মধ্যে সূর্যের আলো পড়লে চুলকানিসহ বড় ধরণের চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
ট্যাটুর ঘাঁ সেরে যাওয়ার পরও জায়গার যথাযথ যত্ন নেওয়া জরুরি। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেন অভিজ্ঞ ট্যাটু শিল্পীরা। সূত্র: হাফিংটন পোস্ট
নাইমুর/পপি/অমিয়/