বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। মঙ্গলবার (২০ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ পিটিশন মামলাটি করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. শওকত আলী ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার জাহাঙ্গীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তার নাম নাজমুস শাকিব। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত।
মামলার আরজি সূত্রে জানা গেছে, ‘পাত্র-পাত্রী দুজনেই হবে ঢাবিয়ান’ নামে একটি ফেসবুক গ্রুপে ২০২৩ সালের ১৯ জুন পাত্রী চেয়ে নাজমুস সাকিব একটি পোস্ট দেন। সেই পোস্টের সূত্র ধরে একই মাসেই নাজমুস সাকিবের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে নাজমুস সাকিব ওই নারীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। তবে সাকিব তার স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি গোপন রাখেন। পরবর্তী সময়ে সাকিব ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সম্পর্কের বিষয়ে তাদের পরিবারও জানত। এমনকি উভয়ের বাসায় অবাধ যাতায়াত ছিল। সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে ওই নারী সাকিবের বাসায় অবস্থান করেন। সে সময়ও বিয়ের প্রতিশ্রুতিতে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ওই নারী জানতে পারেন, সাকিব বিবাহিত। এ বিষয়ে তিনি সাকিব জিজ্ঞাসা করেন এবং তাকে বিয়ে করতে বলেন। তবে সাকিব বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ছাড়া মামলা করার কথা বললে সাকিব ওই নারীকে প্রাণনাশের হুমকি দেন।