শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে অস্ত্র আইনের মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ, সুব্রতকে আদালতে হাজির করেন। রিমান্ডে আট দিনের জিজ্ঞাসাবাদে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জানিয়ে তদন্তের জন্য তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
এদিকে আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে ওই আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তবে শুনানিতে তাকে আদালতের এজলাসে উপস্থাপন করা হয়নি বলে জানান আদালত সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মোকছেদুল ইসলাম।
গত ২৮ মে সুব্রতকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক শীর্ষ সন্ত্রাসী আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ এবং দুই সহযোগী আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শেষে গত মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।
গত ২৭ মে আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থেকে দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।
উজ্জ্বল/পপি/