রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার আজ ধার্য তারিখ ছিল। এক মামলায় গত ১৭ জুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এখনো তা প্রকাশ হয়নি। অপর পাঁচ মামলার ২৩ আসামি পলাতক মর্মে প্রতিবেদন এসেছে। এ অবস্থায় আসামিদের আদালতে হাজির হতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করা হয়েছে।’
এর প্রেক্ষিতে শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন বিচারক।
অন্য যাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহিদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবারের অন্যরাও সবাই আগেই দেশের বাইরে চলে যান।
তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে এ বিষয়ে ছয়টি মামলা করা হয়। এসব মামলার অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এর মধ্যে একটি মামলায় গত ১৭ জুন পলাতক শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজি প্রেসের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। এবার বাকি পাঁচ মামলার বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
উজ্জ্বল/পপি/