আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত কেউ উপস্থিত ছিলেন না।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি থাকা সত্ত্বেও ওই এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের জায়গায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। এতে তার ঘর ভেঙে বেদখল করা হয়। এই ঘটনায় আব্দুল হামিদ ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন।
বাদি পক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, ১৭ বছর পর আজ আদালত হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বানিয়াচংয়ের ইউএনও ও হবিগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি বাদীকে তার জমি বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।