মামলা বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ থাকায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি আব্দুল্লাহ আবু ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জর্জ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, আব্দুল্লাহ আবু-র স্ত্রী মনোয়ারা বেগম, পুত্র কাজী আহসান উল্লা শিবলী ও কন্যা কাজী আমরিন সুলতানা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এর তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সহকারী পরিচালক নীল কমল পাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সিএমএম আদালত ও জজকোর্টের বিচারকদের সঙ্গে যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো, সাজা মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জনপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোহিত করতে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।
জলিল উজ্জ্বল/নাঈম