র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ/ অবরুদ্ধ/ স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ফ্রিজ করা ১০ ব্যাংক অ্যাকাউন্টে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক আঁকন আকন।
আবেদনে বলা হয়, এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ অর্জনের উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর/স্থানান্তরের চেষ্টা করছেন।
এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর/ স্থানান্তর হলে রাষ্ট্রের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
গত বছরের ৬ নভেম্বর হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তাদের অবস্থান সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থার নিকট কোনো স্পষ্ট তথ্য নেই।
জলিল উজ্জ্বল/নাঈম