ওয়ান-ইলেভেনের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুট (নিয়োগ) করার জন্য এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
সরকার কর্তৃক নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকা থাকলেও আসামিরা রিক্রুটেড শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে বিভিন্ন ধাপে বাড়তি ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করেন।
আদায়কৃত ওই অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত্ত, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করে আসামিরা দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইনে অপরাধ করেছেন।
সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো আবশ্যক।
এ মামলায় আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মানবপাচার আইনের মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ২২ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।