পটুয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও দুমকিতে আজ পর্যন্ত কোনো ফায়ার স্টেশন স্থাপিত হয়নি। প্রায় ১ লাখ মানুষের বসবাস এ উপজেলায়। এখানে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি বহু দপ্তর, গুরুত্বপূর্ণ বাজার এবং জনবসতিপূর্ণ এলাকা। কিন্তু অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্যোগে পুরো অঞ্চলটি বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
দুমকিতে কোনো অগ্নিকাণ্ড ঘটলে পটুয়াখালী জেলা শহর (১৫ কিমি দূরত্ব) কিংবা পার্শ্ববর্তী বাউফল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে হয়। দীর্ঘ পথ অতিক্রম করে গাড়ি পৌঁছানোর আগেই অনেক সময় পুড়ে ছাই হয়ে যায় মানুষের সহায়-সম্বল। বিশেষ করে লেবুখালী সেতু হওয়ার পর ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলেও অগ্নিনিরাপত্তার বিষয়টি এখনো অবহেলিত। একটি অগ্নিনির্বাপক ইউনিটের অভাবে এখানকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সবসময় এক অজানা আতঙ্কে থাকেন।
অতএব, জনস্বার্থ এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে দুমকিতে দ্রুত একটি আধুনিক ফায়ার স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এলীন
শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[email protected]