এবারের আইপিএলে সুবিধাজনক অবস্থানে নেই চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই দুই দলের লড়াইয়ে জয় এসেছে হায়দরাবাদের ঝুলিতে। যে জয়ে ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তারকা পেসার মোহাম্মদ শামি।
শুক্রবার (২৫ এপ্রিল) ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগে ব্যাটিং করতে নেমে ১৫৪ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। সর্বোচ্চ ৪২ রান করেছেন দেওয়াল্ড ব্রেভিস। অন্যদিকে ২৮ রান খরচায় ৪ উইকেট তুলেছেন হার্শাল প্যাটেল।
চেন্নাই তাদের ব্যাটিং শুরু করে ২১ বছরেরও কম দুই ব্যাটার শায়েক রশিদ ও আয়ুশ মাহাত্রকে দিয়ে। যা কিনা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ওপেনিং জুটি। যদিও তাদের উদ্বোধনী জুটি হতাশ করে। ইনিংসের প্রথম বলেই রশিদকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শামি। আর তাতেই বিশ্বরেকর্ড হয়।
৩৪ বছর বয়সি এই পেসারের ঝুলিতেই রয়েছে আইপিএলে সবচেয়ে বেশি ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করার রেকর্ড। এখন পর্যন্ত চারবার আইপিএলে চারবার ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন তিনি।
শামির পর দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ৬ বোলার। তারা হচ্ছেন– লাসিথ মালিঙ্গা, অশোক দিন্দা, প্রভিন কুমার, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট।
চেন্নাইকে হারানোর ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন মতো হয়নি হায়দরাবাদের। হতাশ করেছেন তাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। পরে ঈশান কিষাণের ৪৪ ও শেষ দিকে কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডির ব্যাটে ভর করে ১৮.৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় হায়দরাবাদ।
১০ দলের আইপিএলে ৯ ম্যাচ শেষে তাতে ৬ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের অবস্থান টেবিলের ৮ নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের অবস্থান টেবিলের তলানিতে। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ গুজরাট।