ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘১এক্স’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তি তৈরি করে থাকে। এবার ১এক্স তাদের নতুন মানবসদৃশ হিউম্যানয়েড রোবট ‘নিও’-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। এই রোবট দৈনন্দিন ঘরের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে এবং ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
তবে ২০ হাজার মার্কিন ডলার মূল্যের এই রোবট কেনার ক্ষেত্রে একটি বড় শর্ত রয়েছে। রোবটটিকে নতুন কাজ শেখানোর জন্য একজন অপরিচিত রিমোট অপারেটরকে রোবটের ক্যামেরার মাধ্যমে বাড়ির ভেতর দেখার অনুমতি দিতে হবে।
২০২৬ সালের শুরুর দিক থেকে এই রোবট সরবরাহ শুরু হবে। প্রাথমিকভাবে নিও কিছু মৌলিক কাজ করতে পারবে। এর মধ্যে রয়েছে দরজা খোলা, নির্দিষ্ট জিনিসপত্র এনে দেওয়া এবং বাতি জ্বালানো বা নেভানো। ব্যবহারকারীরা একটি বাটনে ক্লিক করে বা মৌখিক আদেশের মাধ্যমে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
তবে ব্যবহারকারীরা যদি রোবটটিকে দিয়ে ঘর গোছানো বা কাপড় ভাঁজ করার মতো আরও জটিল বা নির্দিষ্ট কোনো কাজ করাতে চান, তখন শুরু হবে মূল প্রক্রিয়া।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘১এক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্ন্ট বোরনিচ বলেন, রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা নিউরাল নেটওয়ার্ককে এখনো বাস্তব পৃথিবীর অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে হবে।
তিনি আরও বলেন, ‘যারা আগামী বছর নিও কেনার জন্য প্রি-অর্ডার করবেন, তাদের অবশ্যই এই শর্তে সম্মত হতে হবে যে, একজন মানব অপারেটর রোবটের ক্যামেরার মাধ্যমে তাদের বাড়ির ভেতরের দৃশ্য দেখবেন।’ এই পদ্ধতি রোবটকে প্রশিক্ষণ দেওয়া ও ডেটা সংগ্রহের জন্য অপরিহার্য, যাতে এটি শেষ পর্যন্ত নিজে থেকে কাজগুলো করতে পারে।
তিনি আরও যোগ করেন, ‘যদি আমাদের কাছে আপনার ডেটা না থাকে, আমরা পণ্যটিকে আরও উন্নত করতে পারব না।’ সিইও স্বীকার করেছেন, শুরুর দিকে বেশিরভাগ কাজ টেলি-অপারেটররা দূর থেকে রোবটকে নিয়ন্ত্রণ করে সম্পন্ন করবেন।
তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য ব্যবহারকারীর হাতে কিছু নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে ১এক্স। ব্যবহারকারীরা একটি অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়সূচি ঠিক করে দিতে পারবেন, কখন অপারেটর রোবটের নিয়ন্ত্রণ নিতে পারবেন। রোবটকে কী কাজ করতে হবে, তাও অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া যাবে।
১এক্স জানিয়েছে, ব্যবহারকারীদের গোপনীয়তাকে যথাসম্ভব সম্মান জানাতে রোবটের ক্যামেরায় বাড়ির লোকজনকে ব্লার (ঝাপসা) করে ফেলার সুবিধা থাকবে। এ ছাড়া বাড়ির নির্দিষ্ট স্থানকে ‘নো-গো জোন’ হিসেবে চিহ্নিত করা যাবে, যেখানে রোবট বা অপারেটর প্রবেশ করতে পারবেন না। মালিকের অনুমোদন ছাড়া অপারেটর কোনোভাবেই রোবটের নিয়ন্ত্রণ নিতে পারবেন না।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে বোরনিচ আশ্বাস দিয়েছেন, নিওতে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এটি রোবটটিকে মানুষের ক্ষতি করা থেকে বিরত রাখবে।
নিও রোবটটি বাদামি, ধূসর ও গাঢ় বাদামি রঙে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ২০০ ডলার জমা দিয়ে এটি প্রি-অর্ডার করা যাচ্ছে।