দেশের সংস্কৃতি অঙ্গণে একের পর এক হামলা, নিপীড়নের ঘটনা ঘটলেও কোনো সরকার সেসব ঘটনার মূল হোতাদের বিচারের আওতায় আনতে পারেনি। এসব হামলার বিচার না হওয়ার কারণেই দেশে উগ্র, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি শক্তিশালী হয়ে উঠেছে বলে অভিযোগ করেন উদীচীর নেতারা।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সত্যেন সেন চত্বরে যশোর উদীচী হত্যাকাণ্ডের ২৭তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উদীচী নেতারা এ কথা বলেন।
যশোর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ২৭ বছর ধরে আন্দোলন করে আসছে উদীচী। এ সময় একাধিক সরকার পরিবর্তন হলেও এখনও এ হত্যাকাণ্ডের ‘বিচার হয়নি’ বলে অভিযোগ করেছেন এই সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানের শুরুতে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী ঢাকা মহানগর সংসদ এবং নোয়াখালী জেলা সংসদের নেতারা। এ সময় ফেরদৌসী আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করেন।
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন শিখা সেনগুপ্তা, মির্জা আতিকুজ্জামান ও সৈয়দা রত্না। একক সংগীত পরিবেশন করেন উদীচী বাড্ডা শাখার শিল্পী অরুণিমা আহমেদ প্রথমা।
এছাড়া উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা সম্মেলক কণ্ঠে সংগীত এবং কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
জয়ন্ত সাহা/নাঈম