বাংলা একাডেমির নজরুল পুরস্কার ২০২৬ পেতে যাচ্ছেন নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা৷
শনিবার (২৩ মে) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে ওই পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (২০ মে) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্ নবী এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরাকে ওই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক ড. রশিদুন্ নবী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নজরুল গবেষক, সংগীতজ্ঞ ও স্বরলিপিকার। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্রাবস্থায় সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। অন্যদিকে নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা একজন বাংলাদেশি সংগীতশিল্পী। তিনি নজরুলগীতি ও আধুনিক গান করেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন এবং উপস্থাপনা করেন। তিনি একটি কবিতার বই, দুটি ছড়ার বই, একটি উপন্যাস, একটি গল্প ও কলাম সংকলন এবং নজরুলের গান নিয়ে একটি সংগীতের বই প্রকাশ করেছেন। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন।
আরিফ জাওয়াদ/এসএন