চাঁদপুরে অসুস্থ হয়ে মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৭ মে) রাত ১২টার দিকে তিনি ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় সহকর্মী ও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। আজ সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন বলেন, ‘ওই ভোটকেন্দ্রে গতকাল রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামে নতুন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে যথাসময়ে ভোট শুরু হয়েছে।’
শরীফুল ইসলাম/ইসরাত চৈতী/অমিয়/