বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী অক্টোবর মাসে নির্ধারিত তারিখ ও সময়ে আড়ম্বরপূর্ণভাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (১৯ মে) সকালে চট্টগ্রাম সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই সভা আয়োজন করে।
মাহবুবউল আলম হানিফ বলেন, সারা দেশে আওয়ামী লীগের জেলা স্তরের যে সাংগঠনিক কমিটিগুলো রয়েছে তার মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি অন্যতম শক্তিশালী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব বরাবরই তার সাংগঠনিক সক্ষমতার দক্ষতা দেখিয়েছে। যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দলের শক্তিশালী ভিত্তিকে সুদৃঢ় রেখেছে। এই ধারাবাহিকতা রক্ষায় নবীন-প্রবীণের সমন্বয়ে সম্মেলনের মধ্যদিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর ভিত্তিকে সুদৃঢ় ও বিস্তৃত করার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ও অপচেষ্টা হলেও শুধুমাত্র সাংগঠনিক কাঠামোর শক্তিশালী ভিত্তির কারণে সংগঠনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের ক্ষমতার উৎস যেমন জনগণ, আওয়ামী লীগের ভিত্তি ও অস্তিত্ব নির্ভরশীল শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপরই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটির আওতাধীন ২৭টি ইউনিট ও ২৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া ১৫টি থানার মধ্যে একটি থানায় সম্মেলন হয়েছে। এখনো পর্যন্ত ইউনিট, ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের যে সকল কমিটির সম্মেলন হয়নি। সেগুলোর সম্মেলন মূলত পরিস্থিতিগত কারণে নয়, স্থানীয় নেতৃত্বের অনীহা ও আন্তরিকতার অভাবের কারণে হয়নি।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দ ও স্বস্তির দিন। কেননা এই দিনেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ তার অধীনস্থ সকল স্তরের সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন ও কমিটি গঠনের যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে প্রত্যেক নেতা-কর্মীর মনোবল চাঙ্গা হয়েছে।
সভামঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।