বান্দরবানের থানচির সাঙ্গুর চর থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও ঠিকাদার সবাই ঐক্যবদ্ধ হয়ে বালু তোলার প্রতিযোগিতায় নেমেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, থানচির বলিপাড়ার মংনাইপাড়ার ইউপি সদস্য উচনু, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং ও ঠিকাদার আনোয়ার, বলিপাড়ার নাইন্দারীপাড়ার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসিংঅং মারমা, আমতলীপাড়ার অনিল, যুবলীগের সভাপতি অনল ত্রিপুরা, সম্পাদক চহাই মারমা, মালিরাম ত্রিপুরা ও ঠিকাদার সুজনসহ কয়েকজন এ বালু উত্তোলনের সঙ্গে জড়িত।
এদিকে গত শুক্রবার রাত ১১টার দিকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে উঠাচ্ছিল থানচি যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা ও সম্পাদক চহাইনু মারমার লোকজন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করলেও পরে শুধু ট্রাকটি জব্দ করে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, থানচি সদর ইউনিয়নের আমতলীপাড়ার মংচসিং কারবারি ও উহ্লাচিং মারমার খামারঘাট থেকে তিন মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে থানচি যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা ও সম্পাদক চহাইনু মারমা কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন করেছেন, যা প্রতিরাতে পাচার করা হচ্ছে।
একাধিক বালু উত্তোলনকারী জানান, বালুর ঠিকাদার আনোয়ার চকরিয়ার ভাউচার ব্যবহার করে সেনাবাহিনীর বাকলাই সড়কের উন্নয়ন কাজের কথা বলে বালু নিয়ে যান। তাদের দাবি, এমন কাজ করে আনোয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করছেন।
বালুর ট্রাক জব্দের বিষয়ে থানচি যুবলীগের সম্পাদক চহাইনু মারমা বলেন, ‘এলাকার কিছু বেকার ছেলে আছে, আমরা তাদের সহযোগিতা করছি। বালু তুললে তাদের কর্মসংস্থান হয়। আমি সরাসরি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই।’
থানচি যুবলীগের সভাপতি অনিল ত্রিপুরা বলেন, ‘থানচির সবাই খুবই কষ্টে আছেন। তাই নিজেদের (সরকার দলের) ছেলেদের সহযোগিতা করছি। বালু উত্তোলন না করলে এখানে সরকারি উন্নয়ন কীভাবে হবে?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ‘রাতে অবৈধভাবে পাচারের সময় বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ট্রাক ও বালু পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, ‘থানচির বালু উত্তোলনের ব্যাপারে আমার জানা নাই। আমি তদন্ত করে ব্যবস্থা নেব।’