ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শনিবার (৩ মে) সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মহেশপুর ৫৮ বিজিবি জানায়, শুক্রবার (২ মে) ভোর থেকে শনিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তের পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৪৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ শিশু রয়েছে।
আটকরা হলেন- নড়াইলের ডুমুরতলা গ্রামের আশরাফুল (৩৮), একই গ্রামের আশিক বিশ্বাস (৩৩),খুলনার তেরখাদা থানার ধানখালী গ্রামের রফিক চৌধুরী (৬০), তার ছেলে বিল্লাল চৌধুরী (১৮), গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার জামিলা গ্রামের মাহাবুব শেখ (৫৫), নোয়াখালীর সুবর্ণচর থানার দক্ষিণ চর মজিদ গ্রামের মো. রাব্বি (২৪)।
এদিকে, বিজিবি শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মহেশপুরের মাটিলা বিওপির নায়েক বেলাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মহেশপুর উপজেলার মাথাভাংগাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০) ও শিমুল হোসেন (২২) নামে দুজনকে ভারতীয় মদসহ আটক করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।
মাহফুজ/মেহেদী/