খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে বন্দুকযুদ্ধে চার সদস্য নিহত হওয়ার ঘটনাকে গুজব বলে দাবি করছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত গ্রুপ)।
শনিবার (২৬ জুলাই) দুপুরে সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।
বিবৃতিতে অংগ্য মারমা বলেন, দীঘিনালার জোড়াসিন্ধু কারবারিপাড়ায় জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) সঙ্গে গোলাগুলির ঘটনা এবং তাতে ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার তথ্য ইউপিডিএফের কাছে নেই। তিনি এই ঘটনাকে কাল্পনিক ও গুজবভিত্তিক বলে উড়িয়ে দেন।
অংগ্য মারমা বিবৃতিতে দাবি করেন, তাদের গণমুক্তি ফৌজ কিংবা পিপলস লিবারেশন আর্মি নামে কোনো সামরিক শাখা নেই। তাই এ ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে বলে খবর প্রচার হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে দীঘিনালা উপজেলার জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় ওই ঘটনাটি সংগঠিত হয় বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় গোলাগুলিতে চারজন নিহত হওয়ার কথা আমরাও শুনেছি। তবে ঘটনাস্থল অতি দুর্গম হওয়ায় সেখানে পুলিশের পক্ষে এককভাবে যাওয়া সম্ভব নয়। সেনাবাহিনী এবং বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে, তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারলে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাবে।’
>> দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত ৪
দিদারুল আলম/অমিয়/