খাগড়াছড়িতে চলমান ঘটনায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে চলছে। জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। জেলা ও উপজেলা প্রশাসনও পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছেন।
নিরাপত্তার কারণে সোমবার সকাল থেকে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি ও বান্দরবানের বাস সার্ভিস বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। বাসের চালক, সহকারী ও সংশ্লিষ্টরা অলস সময় পার করছেন।
তবে রাঙ্গামাটি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস যথা সময়ে ছেড়ে গেছে। এছাড়া রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে পানি পথে যুক্ত ৬টি উপজেলার নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে রাঙ্গামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। এতে স্বাভাবিক রয়েছে মানুষের জীবনযাত্রা।
আজ দুপুরে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটি দোয়েল চত্বর বাস কাউন্টার থেকে বান্দরবান-বাঙ্গালহালিয়া, খাগড়াছড়ি ও নানিয়ারচরগামী বাস চলাচল বন্ধ রয়েছে।
কাউন্টারের কর্মকর্তা মো. ইসমাইল বলেন, বান্দরবানগামী দৈনিক ২টি বাস ছাড়ার কথা থাকলেও সকাল সাড়ে ৭টা ও দুপুর দুইটার বাস ছেড়ে যায়নি। খাগড়াছড়িগামী দৈনিক ৭টি বাস ছাড়ার কথা থাকলেও সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নানিয়ারচরগামী একমাত্র সকাল ৬টা ৫০ এর বাসটি ছেড়ে যায়নি।
রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে গিয়ে দেখা গেছে, রাঙ্গামাটি থেকে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ির উপজেলার যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী নৌযানগুলো যথা সময়ে ছেড়ে গেছে। একইসঙ্গে এসব উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী নৌযান নির্বিঘ্নে রাঙ্গামাটিতে এসে পৌঁছেছে।
সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। শহর ঘুরে দেখা যায়, এসব পয়েন্টগুলোতে সেনা সদস্যরা হেন্ডমাইক দিয়ে রাঙ্গামাটিবাসীকে শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করতে অনুরোধ জানান। একইসঙ্গে গুজবে কান না দিতে ও উস্কানীমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানিয়েছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনও পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছেন।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও কর্মজীবী সংগঠনের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসন পৃথকভাবে বিশেষ আইনশৃঙ্খলা সভা করে।
জিয়াউর রহমান জুয়েল/