বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার রোগের সব পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রথমবারের মতো চালু করা হয়েছে হেমাটোলজি ল্যাবরেটরি। একই সঙ্গে মেডিসিন বিভাগের জন্য সম্প্রসারিত আধুনিক মানের ল্যাবরেটরি চালু করা হয়েছে। হাসপাতালের মূল ভবনের ২য় তলার ডি ব্লকে এই প্যাথলজি ল্যাব স্থাপন করা হয়। এটি চালু হওয়ায় রোগীরা কম টাকায় ক্যানসার নির্ণয়ের পরীক্ষা করতে পারবেন।
রবিবার (১২ অক্টোবর)সকালে হেমাটোলজি ল্যাবরেটরি, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজিস্টের দায়িত্বে থাকা ডা. আফসানা সাবরিন বলেন, হাসপাতালের প্যাথলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি চালু করায় রোগীরা দ্রুত ও নির্ভুলভাবে রিপোর্ট পাবেন। পাশাপাশি রোগীদের নমুনা সংগ্রহ ও বিশ্রামের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রাখা হয়েছে। এই ল্যাবে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগে রাসায়নিক বিশ্লেষণের জন্য অটো-অ্যানালাইজার একাধিক মেশিন, রক্ত গণনা ও জমাট বাঁধার জন্য বিশেষ মেশিন, মাইক্রোবায়োলজির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক পরীক্ষা করার জন্য ইনকিউবেটর, অটোমেটেড কালচার সিস্টেম চালু করা হয়েছে।
হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী বলেন, এই ল্যাবরেটরিতে রক্ত কোষ, হিমোগ্লোবিন, রক্তের প্রোটিন, অস্থিমজ্জা, প্লাটিলেট, রক্তনালী, প্লীহা এবং জমাট বাঁধার প্রক্রিয়া, হিমোফিলিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসার সম্পর্কিত রোগ নির্ণয় করা সম্ভব হবে।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, শেবাচিম হাসপাতালে এই প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে। এই দুই ল্যাবরেটরির প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত ও রোগীদের রোগ নির্ণয়ে আরও সহায়ক হবে। পাশাপাশি মেডিকেল শিক্ষার উন্নতির জন্য একটি অংশ রয়েছে।
ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান ও সহকারী পরিচালক সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।