বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা।
শনিবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে দেশের বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন— যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু ছিলেন।
সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়।
পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭ কিলোমিটার দূরত্বে সাঁতার অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, চতুর্থ স্থান মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান, এবং পঞ্চম স্থান নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরান।
মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, তৃতীয় স্থান বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, চতুর্থ স্থান বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন, এবং পঞ্চম স্থান গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি বলেন, আমরা মুন্সীগঞ্জে একটি বিশেষ ট্রেনিং ক্যাম্প আয়োজন করব। এখান থেকে মেধাবী সাঁতারু বাছাই করে জাতীয় ট্যালেন্ট হান্টে অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
তিনি বলেন, মুন্সীগঞ্জের মানুষ সাঁতারপ্রেমী। সাঁতারের প্রতি এখানকার মানুষের আলাদা আবেগ আছে। ইংলিশ চ্যানেল জয়ী ব্রজেন দাস এই জেলারই সন্তান— এটা আমাদের গর্ব।
নদীপাড়ে উপস্থিত স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, আমি এমন আয়োজন আগে কখনও দেখিনি। খুব ভালো লেগেছে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
মেহেদী/