চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) যেকোনো ইয়ার্ড বিদেশিদের হাতে না দিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলটি চট্টগ্রামের ফকিরহাট থেকে বড়পুল এলাকায় গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে নানা শ্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা প্লেকার্ডে লিখেন ‘গো ডিপি ওয়াল্ড গো’, ‘লাভজনক বন্দর বিদেশিদের হাতে দিব না’। এসময় বিক্ষোভকারীদের হাতে জ্বলন্ত মশাল ছিল।
বিক্ষোভ সমাবেশে বিদেশি অপারেটরের হাতে দিলে দেশের রাজস্ব আয়ে ক্ষতি হবে বলে উল্লেখ করেছেন বক্তারা। চট্টগ্রামের মানুষ কোনোভাবেই এটি সফল হতে দেবে না। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা।
চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর আয়োজনে এতে বক্তারা এনসিটি, লালদিয়ার চর টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি কোম্পানির হাতে ইজারায় তুলে দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের হৃদপিণ্ড এই এনসিটিসহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা ইজারা দিয়ে বিদেশি অপারেটর কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না। শ্রমিক কর্মচারী জনগণ ঐক্যবদ্ধ হয়ে এহেন জাতীয় স্বার্থ বিরোধী অপচেষ্টা রুখে দাঁড়াবে। এর আগে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন হয়েছে চট্টগ্রামে।
বক্তারা আরও বলেন, বিনা প্রতিরোধে এ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বতী সরকার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল তুলে দেওয়ার আয়োজন সম্পন্ন করেছিল। গণ-অভ্যুত্থানের পরও বর্তমান সরকার কেন আওয়ামী লীগের এ চক্রান্ত বাস্তবায়নের কাজ এগিযে নিচ্ছে, তার জবাব অন্তর্বতী সরকারকে দিতে হবে।
মিছিলে ছিলেন স্কপের কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক বন্দর সিবিএ নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান, শফি উদ্দিন কবির, শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নিজস্ব অর্থায়নে নির্মিত ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন এনসিটি বর্তমানে দেশের সবচেয়ে সফল কনটেইনার টার্মিনাল। অথচ এটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী ও আত্মঘাতী।
সভাপতির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে দেশের মানুষের চাওয়া পাওয়া পুরণ করতে পারে। এ সরকার নির্বাচিত নয়। সুতরাং দেশের স্বার্থ নিয়ে চিনিমিনি খেলার কোনো অধিকার নেই।
সাত্তার/মাহফুজ/