ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২ ৬ ঘণ্টা পরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক ভ্যাট রিটার্ন দাখিলে আসছে ত্রৈমাসিক ব্যবস্থা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়া অনুমোদন ইসলামী ব্যাংকের অধিকাংশ শাখায় কলমবিরতি হয়নি বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বজ্রপাতে চার জেলায় নিহত ১০ দিলারার রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের জয় কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি ৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল তৃণমূলে বিদ্রোহের নেপথ্যে ‘ভাইপোবিরোধী’ হাওয়া বিশ্ব পরিবেশ দিবস আজ ৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাবনা
Nagad desktop

রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার থেকে

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল বৃহস্পতিবার থেকে
ছবি: সংগৃহীত

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটাবৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় রাঙামাটি শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম রুবেল হরতাল কর্মসূচির ঘোষণা দেন। হরতালে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র ও পচনশীল পণ্য পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। 

এছাড়া কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. রাকিব হাসান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল আলম। 

আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত করে জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ আগামী ২১ নভেম্বর ঘোষণা দেওয়া হয়েছে। এই পরীক্ষাকে সামনে রেখে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বন্ধে বিভিন্ন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

সবশেষ গতকাল মঙ্গলবার জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। কিন্তু জেলা পরিষদের তরফে কোনো পদক্ষেপ না আসায় আজ এই হরতাল কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

‎শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন। প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা। নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ। নিয়োগ-পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা। ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না, এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা।

জুয়েল/নাঈম/অমিয়/

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:১৯ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি  আরও ১৯ শিশু
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১৯টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮৯টি শিশু।

শুক্রবার (৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৫ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৭১টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭৩৬টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৬টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৮ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:১৮ এএম
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে  বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈম/

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২
দুঘর্টনাকবলিত বাস দুইটি। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ২৭ জন আহত হয়।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার কালাম (৩০)।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাদল সাহা/আমান

বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:২৫ এএম
বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মেঘুল্লা এলাকায় বাসচাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা এক্সপ্রেস বাস একটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যানের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও এক যাত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ওসি আবু জাফর আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

সিরাজুল ইসলাম/নাঈম

বজ্রপাতে চার জেলায় নিহত ১০

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:১৮ এএম
বজ্রপাতে চার জেলায় নিহত ১০
ছবি: সংগৃহীত

দেশের চার জেলায় বজ্রপাতের ঘটনায় গত বুধবার (৩ জুন) ও গতকাল বৃহস্পতিবার (৪ জুন) ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, গাইবান্ধা ও ময়মনসিংহে ২ জন করে এবং চুয়াডাঙ্গায় ১জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ: জেলার তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার আব্দুল্লাহ (১৪), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাগি বাজারপাড়ার সাহিদা খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণ পাড়ার মো. মেসবাউল এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাপড়া গ্রামের সুমি আরা (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, বিকেলে বাড়ির পাশে গরু আনার জন্য মাঠে গিয়েছিল আব্দুল্লাহ। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মাহমুদা বেগম, সাহিদা খাতুন ও মেসবাউলের মৃত্যু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গতকাল বিকেলে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমি আরার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্বামী আব্দুর রাকিব আহত হয়েছেন।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলে নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

এলাকাবাসী জানান, ঈদুল আজহার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন সোহাগ চন্দ্র দাস। সন্ধ্যায় ঝোড়ো বাতাস, হালকা বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের মধ্যে খড় তুলতে গেলে মা-ছেলে দুজনই বজ্রপাতে গুরুতর আহত হন। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
সাঘাটা থানার ওসি মাহবুব আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রাম ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার রৌহারচর গ্রামের খালেকুল আজাদ (৬০) এবং গফরগাঁও উপজেলার মধ্য লামকাইন গ্রামের সিয়াম খান (২৮)। খালেকুল আজাদ স্থানীয় গাবতলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বাড়িতে অবস্থানকালে হাঁটাহাঁটির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান খালেকুল আজাদ। অন্যদিকে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন সিয়াম খান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল হাসান এবং পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ নামের আরও এক যুবক আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার নান্দবার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঝোড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে কাছের একটি গাছে আগুন ধরে যায়, এতে একই সঙ্গে দুজনই আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা ঝড়-বৃষ্টির মধ্যেই তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।