গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শালদহ পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় একটি হরিণ মারা গেছে। দুর্ঘটনায় মা হরিণের পেটে থাকা দুই শাবকও মারা গেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুর্ঘটনায় হরিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান।
তবে হরিণটি কোথা থেকে সেখানে এসেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে স্থানীয় ধারণা করছেন, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসলে দুর্ঘটনার শিকার হয়, তবে পার্ক কর্তৃপক্ষ হরিণ লোকালয়ে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শালদহ পাড়া এলাকার মালেকের দোকানের সামনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় হরিণটির মৃত্যু হয়। এ সময় মা হরিণের পেটে থাকা দুটি শাবক বের হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শাবকসহ মা হরিণকে উদ্ধার করে বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অধীনের কাচিঘাটা বিট অফিসের কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
কালিয়াকৈর রেঞ্জ অধীনের কাচিঘাটা বিট অফিসের বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বলেন, রাস্তা পার হয়ে হরিণ মারা যাওয়ার খবরে মৃত শাবকসহ হরিণটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে।
তবে হরিণ কোথা থেকে এসেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে হরিণ গাড়িচাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা অনেক আগে থেকেই কয়েকটি হরিণ ওই এলাকায় বিচরণরত অবস্থায় দেখে আসছেন। সেখান থেকে গত রাত ৮টার দিকে একটি হরিণের মৃত্যু হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, পার্ক থেকে কোনো হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।
পলাশ প্রধান/সুমন/